সিরাজগঞ্জ প্রতিনিধি: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি ভালো বলা যাচ্ছে না, খুন-খারাবি লেগেই আছে। জনগনের এগুলো প্রত্যাশা ছিল না, তাদের প্রত্যাশা মত দেশ চলছে না।
তিনি আরও বলেন, ব্যাংকিং সেক্টরে কোন শৃঙ্খলা নেই, শেয়ার মার্কেট মাটির সাথে পড়ে রয়েছে, উঠে দাড়াতে পারছে না।
সোমবার (১০ আগস্ট) রাতে সিরাজগঞ্জের হাটিকুমরুলে উপজেলা জামায়াতের নেতাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথাগুলো বলেন।
১১ দলীয় জোট নেতা ডা. শফিকুর রহমান এমপি আরও বলেন, সাংবাদিকেরা লিখতে পারছে না, অলিখিত সেন্সরশিপ আরোপ করা রয়েছে। গ্যাস বিদ্যুৎ বেসরকারি সেক্টরে দেওয়া হবে শোনা যাচ্ছে, যারা বেসরকারি সেক্টরে নেবে তারা জনগনকে আরও বেশি জিম্মি করবে।
বিরোধী দলীয় নেতা আরও বলেন, সরকার তাদের দায় জনগনের উপর চাপানোর চেষ্টা করছে। আমরা শংকিত, বিরোধী দল হিসেবে এগুলো মেনে নেওয়া হবে না। অব্যাহত প্রতিবাদ হবে, সামর্থ্য থাকলে প্রতিরোধও করা হবে। এজন্য আমরা সকলের সহযোগিতা চাই।
মতবিনিময়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম ও সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম।
রিপোর্টার্স২৪/ধ্রুব