| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাখিলে সবাই পাস, তবু ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে অধ্যক্ষের বাড়িতে হামলার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৬ ইং | ০১:২৯:৫৭:পূর্বাহ্ন  |  ১৫০ বার পঠিত
দাখিলে সবাই পাস, তবু ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে অধ্যক্ষের বাড়িতে হামলার অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে দাখিল পরীক্ষার ফল প্রকাশের পর ভোলদিঘি কামিল মাদরাসার অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা ও গালিগালাজের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে দায়ী করেছেন অধ্যক্ষ। তবে পুলিশের যাচাইয়ে দেখা গেছে, অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীর সবাই দাখিল পরীক্ষায় কৃতকার্য হয়েছে। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগও করেননি অধ্যক্ষ।

সোমবার (১০ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বাড়িতে হামলার অভিযোগ করেন অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন।

ফেসবুক লাইভে অধ্যক্ষ অভিযোগ করেন, দাখিল পরীক্ষার ফল প্রকাশের পর নোয়াগাঁও, দেবকরা ও নিজমেহার গ্রামের কয়েকজন শিক্ষার্থী তাঁর বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় তাঁকে ও তাঁর মাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের কাছে বিচার দাবি করেন অধ্যক্ষ।

পরে অধ্যক্ষের ফেসবুক লাইভটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে শাহরাস্তি মডেল থানা পুলিশের। এরপর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনাস্থলে গিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলেন।

পুলিশের কাছে অধ্যক্ষ ওই পাঁচ শিক্ষার্থীকে ঘটনার জন্য দায়ী করেন। তবে পরে পুলিশ তাদের দাখিল পরীক্ষার ফলাফল যাচাই করে জানতে পারে, অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীর কেউই পরীক্ষায় অকৃতকার্য হয়নি; তারা সবাই কৃতকার্য হয়েছে।

এদিকে, অধ্যক্ষের অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ঘটনার জন্য যেসব পাঁচ শিক্ষার্থীকে দায়ী করা হয়েছে, তাদের সবাই পরীক্ষায় কৃতকার্য হয়েছে। এ ঘটনায় অধ্যক্ষ থানায় কোনো লিখিত অভিযোগ করেননি।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেন, আমি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। এ ধরনের ঘটনা অনাকাঙ্খিত।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪