ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ইঁদুর মারার গ্যাসের ট্যাবলেট খাওয়ার পর চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মহসিন আলী (৪১) নামের এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার দুপুরে দিনাজপুরে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মহসিন আলী ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের বাঁশগাড়া এলাকার বাসিন্দা। তিনি সোলেমান আলীর ছেলে।
পুলিশ ও পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, আজ সকালে মহসিন আলী ইঁদুর মারার গ্যাসের ট্যাবলেট খান। বিষয়টি জানতে পেরে তাঁর জামাতা মাহাবুব হোসেন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে মাহাবুব হোসেনসহ স্বজনেরা তাঁকে মোটরসাইকেলে করে দিনাজপুরের দিকে নিয়ে যান। পথে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মাহাবুব হোসেনের ভাষ্য, দুপুর সাড়ে ১টার দিকে তিনি জানতে পারেন, তাঁর শ্বশুর ইঁদুর মারার গ্যাসের ট্যাবলেট খেয়েছেন। পরে বাড়ির পশ্চিম পাশের সড়কে গিয়ে তাঁকে অসুস্থ অবস্থায় দেখতে পান। তখন মহসিন তাঁকে বলেন, ‘আমি গ্যাসের ট্যাবলেট খেয়েছি, আমাকে বাঁচাও।’
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, ইঁদুর মারার গ্যাসের ট্যাবলেট খাওয়ার পর অসুস্থ হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব