কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে গরুর খামারে গড়ে তোলা একটি নকল সিগারেট কারখানায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪ লাখ ১৪ হাজার টাকা মূল্যের নকল সিগারেট ও কাঁচামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দৌলতপুর উপজেলার গড়বাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাসের নেতৃত্বে অভিযানটি চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গড়বাড়িয়া গ্রামের আহসান হাবিব মাস্টারের একটি গরুর খামারে অভিযান চালিয়ে নকল সিগারেট তৈরির কারখানাটির সন্ধান পায় ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযানের সময় কারখানার ভেতরে কাউকে পাওয়া যায়নি।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, জয়রামপুর গ্রামের আজিরুদ্দিন সরকারের ছেলে শাকিল আহমেদ এবং বৈদ্যনাথতলা গ্রামের ইনসার আলীর ছেলে লোকমান হোসেন লিওন ওই খামারটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল সিগারেট উৎপাদন করে আসছিলেন।
অভিযানে ২৫ লাখ ৫০ হাজার শলাকা নকল সিগারেট ও বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪ লাখ ১৪ হাজার টাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট ও নিম্নমানের তামাক উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা ও জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ অবৈধ কার্যক্রম বন্ধে উদ্ধার করা মালামাল জব্দ করা হয়েছে। অভিযানের খবর পেয়ে জড়িতরা পালিয়ে যায়।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টার্স২৪/ধ্রুব