| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৩, ২০২৬ ইং | ০৩:২৮:০৮:পূর্বাহ্ন  |  ১৩১৩ বার পঠিত
সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার ও জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। বুধবার (১২ আগস্ট) দুপুরে তারা সদর উপজেলা প্রশাসন কার্যালয় পরিদর্শন করেন।

দুপুরে সদর উপজেলা প্রশাসনে পৌঁছালে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার ও জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম, নাগরিক সেবা প্রদান, প্রশাসনিক কর্মকাণ্ড এবং চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তারা দপ্তরগুলোর কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং সেবাগ্রহীতাদের জন্য সরকারি সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ১১টি ইউনিয়নের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে উপকারভোগীদের হাতে এসব গাছের চারা তুলে দেওয়া হয়।

এ ছাড়া অনুষ্ঠানে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল এবং দুস্থ ও অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। একই সঙ্গে নির্বাচিত উপকারভোগীদের মাঝে বকনা গরুও বিতরণ করা হয়।

বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার ও জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান উপকারভোগীদের হাতে এসব সহায়তা সামগ্রী তুলে দেন। এ সময় তারা বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মসূচির সুফল যেন প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে প্রশাসনকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

সেলাই মেশিন ও গবাদিপশু বিতরণের মাধ্যমে দুস্থ নারীদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রা সহজ করার উদ্যোগকে তারা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেককে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ১১টি ইউনিয়নের সংশ্লিষ্ট প্রতিনিধিসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করতে উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান। এর আগে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিস পরিদর্শন করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪