নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় পিকআপভ্যান ও সার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক নারীসহ ৪ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে নেত্রকোণা ঢাকা ময়মনসিংহ সড়কের নারান্দিয়া এলাকায় একটি পিকআপের সঙ্গে সার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই চারজন নিহত হন। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ি ও নেত্রকোণা থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী একটি টিম ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জাকির হোসেন জানান, এখন পর্যন্ত চারজন মারা গেছে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। কিছুক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব