| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৫

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৪, ২০২৬ ইং | ১৯:০৫:২৩:অপরাহ্ন  |  ৮৩ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৫

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বাড়ি থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জদুয়ার এলাকার রাব্বি ইসলাম (৩০), সদর উপজেলার শাহাপাড়া এলাকার আফজাল হোসেন আকির (২৯) এবং দিনাজপুরের কোতয়ালি থানার উপশহর নিউটাউন এলাকার মানিক শেখ (৪০)। অন্য দুজন হলেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মোহলবাড়ী এলাকার গোবিন্দ চন্দ্র রায় (৫২) এবং দিনাজপুর কোতয়ালি থানার ঈদগাঁও বস্তি এলাকার আফছারুল হক ওরফে রিপ্পি (২৪)।

পুলিশ জানায়, গত ৭ জুলাই রাত ১১টা ১০ মিনিট থেকে পরদিন ৮ জুলাই রাত সাড়ে ১২টার মধ্যে কোনো একসময় ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর পশ্চিমপাড়া এলাকার সোহাগ রানার (২৪) বাড়ির শয়নকক্ষ থেকে একটি লাল রঙের হোন্ডা হর্নেট ১৬০সিসি মোটরসাইকেল চুরি হয়। এ সময় তাঁর মায়ের ব্যবহৃত একটি বাটন মুঠোফোন, নগদ টাকা ও অন্যান্য মালামালও চুরি করা হয়।

এ ঘটনায় সোহাগ রানা ঠাকুরগাঁও সদর থানায় লিখিত অভিযোগ দিলে মামলা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে রাব্বি ইসলামের সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ। পরে ঠাকুরগাঁও বড়মাঠ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে রাব্বি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি জানান, চুরি করা মোটরসাইকেল ও বাটন মুঠোফোনটি আফজাল হোসেন আকিরের কাছে ২০ হাজার টাকায় বিক্রি করেছিলেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত বুধবার  আফজাল হোসেন আকিরকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, চুরি হওয়া মোটরসাইকেলটি ঘটনার তিন দিন পর ১১ জুলাই আফছারুল হক ওরফে রিপ্পির কাছে বিক্রি করেন।

পরে আফছারুল হকের দেওয়া তথ্যের ভিত্তিতে দিনাজপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে মানিক শেখকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চিরিরবন্দর উপজেলার কারেন্টের হাট এলাকা থেকে গোবিন্দ চন্দ্র রায়কে গ্রেপ্তার করে পুলিশ।

পরে গোবিন্দ চন্দ্র রায়ের মোটরসাইকেল মেরামতের দোকানে অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। বাদী সোহাগ রানা মোটরসাইকেলটি শনাক্ত করেন বলে জানিয়েছে পুলিশ।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বলেন, চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। চুরি হওয়া মুঠোফোনসহ অন্যান্য মালামাল উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রাব্বি ইসলামের বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা রয়েছে। চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তিদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪