চট্টগ্রাম প্রতিনিধি: নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ ওয়াপদা কলোনির একটি বাসা থেকে গ্রেপ্তার ১৫ আইনজীবীর মধ্যে পাঁচ নারী আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৬ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালত শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করেন। অপর ১০ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
জামিন পাওয়া পাঁচ নারী আইনজীবী হলেন, অ্যাডভোকেট উম্মে হাবিবা, দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক কামেলা খানম, নগর মহিলা আওয়ামী লীগের সদস্য সুজলা অন্তরা, নগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক শারমিনা ইয়াসমিন নিশু ও আয়েশা হেভেন।
পুলিশের দাবি, শনিবার (১৫ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানার মনসুরাবাদ ওয়াপদা কলোনির একটি বাসায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে ১৫ আগস্ট পালনের জন্য জড়ো হয়েছিলেন বলে পুলিশের দাবি।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। রোববার তাঁদের আদালতে হাজির করা হলে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ নারী আইনজীবীর জামিন মঞ্জুর এবং অপর ১০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের নেত্রী উম্মে হাবিবার বাসায় ১৫ আগস্ট পালনের জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়ো হয়েছেন। পরে সেখানে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব