নওগাঁ প্রতিনিধি: ‘রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
রোববার সকাল ১০টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জয়ব্রত পাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাঙ্গ কুমার তালুকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।
শোভাযাত্রা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সদর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবশেষে সদর উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু দিবস পালনের মধ্যে মাছ রক্ষার কার্যক্রম সীমাবদ্ধ রাখলে চলবে না।
তারা আরও বলেন, নিষিদ্ধ জাল ও অবৈধ পন্থায় মাছ নিধনের কারণে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ হুমকির মুখে পড়ছে। এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তা না হলে অদূর ভবিষ্যতে অনেক দেশীয় মাছের প্রজাতি হারিয়ে যেতে পারে।
বক্তারা দেশীয়সহ সব প্রজাতির মাছ সংরক্ষণ ও বংশবিস্তারে নিষিদ্ধ পন্থায় মাছ ধরা বন্ধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নওগাঁয় ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব