স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে এক যুবককে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে আরাফাত (২৫) নামের এক তরুণ মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার সাথে জড়িত হিসেবে আরিফ ও ইমন নামের দুই যুবকের নাম উঠে এসেছে।
সোমবার (১৭ আগস্ট) আনুমানিক দুপুর দেড়টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকায় এই সংঘাতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে বড়ুয়া পাড়া এলাকায় ওই যুবকদের মধ্যে বাকবিতণ্ডা তৈরি হয়। একপর্যায়ে আরিফ ও ইমন সাথে থাকা আগ্নেয়াস্ত্র বের করে আরাফাতকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। রক্তাত্ব অবস্থায় আরাফাত মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি আরও বলেন, "গুলিবিদ্ধ যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরাধীদের গ্রেপ্তার ও হামলায় ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।"
রিপোর্টার্স২৪/ধ্রুব