নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ ও অবৈধভাবে গ্যাস ব্যবহারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। মঙ্গলবার (১৮ আগস্ট) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিভিন্ন এলাকায় অবৈধভাবে স্থাপিত ১৮টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে গ্যাসের বকেয়া বিল বাবদ প্রায় ১৫ লাখ টাকা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসন ও তিতাস গ্যাসের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহার এবং সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের দায়ে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মোট ৮টি মামলা দায়ের করা হয়। মামলাগুলোতে অভিযুক্তদের কাছ থেকে সর্বমোট ২ লাখ ৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহার রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও রাজস্ব ক্ষতির পাশাপাশি বৈধ গ্রাহকদের গ্যাস সরবরাহ ব্যবস্থায় বিরূপ প্রভাব ফেলছে। এছাড়া অবৈধ সংযোগ জননিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাসের অপব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব।
রিপোর্টার্স২৪/ধ্রুব