শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার চন্ডিখালী গ্রামে সামাজিক আধিপত্যকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষে ১৫টি বাড়ি-ঘর ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে এবং উভয় পক্ষের সংঘর্ষে অন্ততঃ ১০ জন মারাত্বক আহত হয়েছেন। পরবর্তীতে সংঘর্ষের আশংকায় ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সোমবার সন্ধ্যায় ইসরাইল মাস্টারের বাড়ির সামনে এ রক্তক্ষয়ী বাঁধে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে চন্ডিখালী গ্রামের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ও একই গ্রামের সাবেক গয়েশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদ মল্লিকের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে সিরাজুল ইসলামের সমর্থক ইমদাদুল (৪০) ও আকুল (৫০) কে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে লাঙ্গলবাঁধ বাজার থেকে বাড়ি ফেরার পথে ইসরাইল মাস্টারের বাড়ির সামনে পৌঁছালে আসাদ মল্লিকের সমর্থক হাসিব, জিকু, আসাদুল, রহমতসহ বেশ কয়েকজন লোক পূর্ব থেকেই দেশীয় অস্ত্র নিয়ে অপেক্ষা করছিল এবং ইমদাদুল ও আকুল ওইখানে পৌছালে তাদেরকে বেধড়ক পিটিয়ে ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বক মারাত্বক আহত করে। এ সংবাদ গ্রামে ছড়িয়ে পড়লে সিরাজুল ইসলামের সমর্থকেরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আসাদ গ্রুপের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আসাদ মল্লিক গ্রুপের সিরাজ (৪০), আলম (৫৫) ও আমিরুল (৫০) মারাত্মক আহত হয়। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সিরাজুল ইসলাম গ্রুপের মন্টু, রাশেদ, সোহেল, ওয়াসিম, মুক্তার, সবুজ, মিরাজ শেখের দোকান এবং আসাদ মল্লিক গ্রুপের সোহরাব খান, আশরাফ খান, মহিদুল মোল্যা, মীর কাসেম, রফিকুল ইসলাম, মোজাম্মেলসহ উভয় গ্রুপের অন্তত ১৫ টি বাড়ি-ঘরে হামলা করে ব্যাপক ভাঙচুর করা হয়। সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন। তবে, এলাকায় চরম উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তবে, কোন পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।
রিপোর্টার্স২৪/ধ্রুব