| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাপানে উচ্চশিক্ষা-কর্মসংস্থানে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের নতুন সুযোগ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৬ ইং | ১৮:৫৪:০০:অপরাহ্ন  |  ১০৬১ বার পঠিত
জাপানে উচ্চশিক্ষা-কর্মসংস্থানে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের নতুন সুযোগ

টাঙ্গাইল প্রতিনিধি :  মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা, জাপানি ভাষা শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে জাপানের টোকিওভিত্তিক ‘ইয়োমিকাতা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কনসালটেন্সি সেন্টার’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার(১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ  এবং ইয়োমিকাতা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কনসালটেন্সি সেন্টারের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা প্রকৌশলী মোহাম্মদ মাহমুদুল হাসান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এবং আইসিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনির মোর্শেদ উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হলো মাভাবিপ্রবির শিক্ষার্থীদের জাপানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করা এবং জাপানের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও কারিগরি পেশাজীবী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা।

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান যৌথভাবে জাপানি ভাষা ও সংস্কৃতি শিক্ষা, জাপানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা, স্কলারশিপ ও গবেষণার সুযোগ সৃষ্টি, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, শিক্ষার্থীদের কাউন্সেলিং, মেন্টরিং ও পেশাগত দিকনির্দেশনা প্রদান এবং জাপানি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকদের একাডেমিক নেটওয়ার্কিং বৃদ্ধিতে কাজ করবে।

এ ছাড়া দুই প্রতিষ্ঠানের উদ্যোগে যৌথ সেমিনার, কর্মশালা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি আয়োজনের বিষয়েও সমঝোতা হয়েছে।

সমঝোতা স্মারকের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো—এর আওতায় আগ্রহী শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক জাপানি ভাষা শেখার সুযোগ প্রদান করবে ইয়োমিকাতা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কনসালটেন্সি সেন্টার। একই সঙ্গে শিক্ষার্থীদের Japanese-Language Proficiency Test (JLPT) প্রস্তুতির জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ বা দিকনির্দেশনা প্রদান করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা জাপানে উচ্চশিক্ষা ও কর্মজীবনের জন্য নিজেদের প্রস্তুত করার সুযোগ পাবে।

সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়েছে, এটি একটি পারস্পরিক সহযোগিতামূলক ও অ-একচেটিয়া (non-exclusive) চুক্তি। ফলে এর মাধ্যমে কোনো পক্ষের ওপর কোনো আর্থিক বা আইনগত বাধ্যবাধকতা সৃষ্টি হবে না। চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো মতবিরোধ দেখা দিলে তা পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। এছাড়া ৯০ দিনের লিখিত নোটিশের মাধ্যমে যেকোনো পক্ষ সমঝোতা স্মারকটি বাতিল করতে পারবে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে মাভাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষা, গবেষণা, ভাষা শিক্ষা ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে বাংলাদেশ ও জাপানের মধ্যে একাডেমিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ প্রক্রিয়াকে আরও গতিশীল করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪