| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখম, নারী ইউপি সদস্যকে মারধর

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৬ ইং | ০৬:৪৬:০৭:পূর্বাহ্ন  |  ১২৬ বার পঠিত
সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখম, নারী ইউপি সদস্যকে মারধর

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে সাবেক এক ইউপি সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। একই ঘটনায় সাবেক এক নারী ইউপি সদস্যকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে। এ সময় জমিতে লাগানো গাছপালা উপড়ে ফেলা ও বেড়া ভাঙচুর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভোমরাদহ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. আলী হোসেন ডাকো গতকাল শুক্রবার (২১ আগস্ট) পীরগঞ্জ থানায় ছয়জনের বিরুদ্ধে এজাহার দিয়েছেন। আসামিরা হলেন শরিফুল ইসলাম (৪৫), আব্দুর রাজ্জাক (৪৭), সজিব (২২), কাউসার আলী (২০), রোকেয়া বেগম (৪৫) ও সেলি বেগম (৪০)। তাঁরা সবাই ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া এলাকার বাসিন্দা।

এজাহার সূত্রে জানা যায়, ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া চৌরাস্তা এলাকায় একটি জমি নিয়ে বাদী ও সাবেক নারী ইউপি সদস্য মোছা. কহিনুর বেগমের সঙ্গে আসামিদের বিরোধ চলছিল। জমিটি কহিনুর বেগমসহ তাঁরা কবলা দলিলের মাধ্যমে কিনে ভোগদখলে ছিলেন বলে এজাহারে দাবি করা হয়েছে। ওই জমিতে কাঁঠাল, মেহগনি ও ইউক্যালিপটাসের চারাগাছ লাগানো হয়েছিল।

বাদীর অভিযোগ, জমিটি দখলের জন্য আসামিরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন। এ নিয়ে আদালতে মামলাও হয় এবং দুই দফায় কহিনুর বেগমের পক্ষে রায় আসে। এরপরও বিরোধ চলছিল।

এজাহারে বলা হয়েছে, গত ৫ আগস্ট দুপুরে আসামিরা ধারালো ছোরা, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে দলবদ্ধ হয়ে ওই জমিতে প্রবেশ করেন। তাঁরা চারটি কাঁঠালগাছ, ৩০টি মেহগনিগাছ ও প্রায় ১০০টি ইউক্যালিপটাসের চারাগাছ উপড়ে ও ভেঙে ফেলেন। একই সঙ্গে জমির চারপাশের বেড়া ভাঙচুর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি করেন।

খবর পেয়ে আলী হোসেন ঘটনাস্থলে গেলে আসামিরা তাঁকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে শরিফুল ইসলাম ধারালো ছোরা দিয়ে তাঁর মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। আঘাত থেকে বাঁচতে হাত দিয়ে ঠেকালে তাঁর ডান হাতেও গুরুতর জখম হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আলী হোসেনকে বাঁচাতে এগিয়ে গেলে কহিনুর বেগমকেও আসামিরা মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। তাঁর পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি এবং বুকে লাথি মারার অভিযোগও রয়েছে। এ ছাড়া লোহার রড দিয়ে তাঁর হাতে আঘাত করা হয় বলে এজাহারে বলা হয়েছে।

পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁরা চিকিৎসা নেন।

এজাহারে আরও বলা হয়েছে, ঘটনার পর আসামিরা বাদী ও সাক্ষীদের ভয়ভীতি ও হুমকি দেন। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে আপস-মীমাংসার চেষ্টা করায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে উল্লেখ করেছেন বাদী।

পীরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪