নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড নামে একটি পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
শনিবার (২২ আগস্ট) দুপুরের পর থেকে কারখানার নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। তবে শ্রমিকদের অসুস্থতার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শ্রমিকদের সূত্রে জানা যায়, দুপুরের পর নতুন ভবনের তৃতীয় তলায় কয়েকজন নারী শ্রমিক হঠাৎ অতিরিক্ত ঘামতে শুরু করেন। পরে দ্বিতীয় তলার শ্রমিকদের মধ্যেও একই ধরনের উপসর্গ দেখা দেয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকে। কয়েকজন শ্রমিক অচেতনও হয়ে পড়েন।
অসুস্থ শ্রমিকদের আদমজী ইপিজেডের বেপজা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শ্রমিকদের অসুস্থতার সংখ্যা বাড়তে থাকায় রাত ৯টায় ছুটি দেওয়ার কথা থাকলেও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানা ছুটি দেওয়া হয়।
কারখানার শ্রমিক সোহাগ বলেন, দুপুরের পর এক নারী শ্রমিক মাথা ঘুরে মেঝেতে পড়ে যান। পরে তাকে হুইলচেয়ারে করে হাসপাতালে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর নারী ও পুরুষ শ্রমিকদের মধ্যে আরও কয়েকজন অসুস্থ বোধ করলে কর্তৃপক্ষ কারখানা ছুটি দিয়ে দেয়।
ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের জিএম বিল্লাল হোসেন বলেন, “৭-৮ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আরও ১০ জনের বেশি অসুস্থতা অনুভব করছেন বলে জেনেছি। তবে কী কারণে অসুস্থতা হচ্ছে, তা আমরা নিশ্চিত হতে পারিনি। অসুস্থ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
এদিকে আদমজী ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
আদমজী ইপিজেডে বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন বলেন, “প্রাথমিকভাবে মনে হয়েছে শ্রমিকরা হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। আমার এখানে প্রায় ২০ জন অসুস্থ রয়েছেন। তাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানা যাবে।”
রিপোর্টার্স২৪/ধ্রুব