বগুড়া প্রতিনিধি: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্যরা রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ এবং বাংলাদেশ ব্যাংকের সদ্য যোগদান করা নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
সাক্ষাৎকালে ডিআইজি মো. আশিক সাঈদ ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার রাকাবের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় রাকাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ডিজিএম মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ডিজিএম মো. শাহিনুর ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া হেড অফিস কমিটির সভাপতি মো. আব্দুল্লাহ সালাহ উদ্দিন গাজী ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে কৃষকের দোরগোড়ায় সঠিক ও মানসম্মত ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সরকার ঘোষিত ৩ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড রাকাবের মাধ্যমে যথাযথভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
রাকাব অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্যরা সর্বস্তরের মানুষের জন্য আন্তরিকতার সঙ্গে ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
রিপোর্টার্স২৪/রাফিদ