নওগাঁ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের আকস্মিক পরিদর্শন কার্যক্রমের ধারাবাহিকতায় এবার নওগাঁ জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন তিনি। রবিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১০ দিকে হঠাৎ হাসপাতালে পৌঁছে জরুরি বিভাগ, বহির্বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ ও খাবারের মান সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালে দুটি বড় অনিয়ম দেখতে পান। যার মধ্যে রয়েছে দায়িত্ব পালনকালে এক চিকিৎসকের অনুপস্থিতি এবং হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন মজুত থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে স্যালাইন কিনতে বাধ্য করা। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের নথিপত্র যাচাইবাছাই করেন। আর এমন ঘটনায় নওগাঁ জেলার সমগ্র স্বাস্থ্য বিভাগ আতংকিত হয়ে পরে। তবে এমন সফরকে সাধারণ মানুষ ও সচেতন মহল সাধুবাদ জানিয়েছে।
এসময় সরকারি হাসপাতালগুলোতে সেবার মান নিশ্চিত করতে অনিয়ম, দায়িত্বে অবহেলা কিংবা কর্মস্থলে অনুপস্থিতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তিনি। পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলো আধুনিকায়ন এবং পর্যায়ক্রমে শয্যা সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলূ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরবৃন্দ।
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে নজরদারি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টার্স২৪/ধ্রুব