বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে পাঁচ বছরের শিশু সাজ্জাত হোসেন হত্যা মামলায় মোসা. রিকু বেগম (৬০) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে বাগেরহাট অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক ফাইজুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। জামিনে মুক্ত হওয়ার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
দণ্ডপ্রাপ্ত রিকু বেগম ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের মো. বাবর আলী শেখের স্ত্রী।
মামলার নথি ও রাষ্ট্রপক্ষ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি বিকেলে মূলঘর গ্রামের মাসুদ শেখের পাঁচ বছর বয়সী ছেলে সাজ্জাত হোসেন নিখোঁজ হয়। পরদিন ১১ ফেব্রুয়ারি স্থানীয় শামীম নামের এক ব্যক্তির ঘেরের পাশে পরিত্যক্ত কচুরিপানার মধ্য থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এরপর ১২ ফেব্রুয়ারি নিহত সাজ্জাতের বাবা মাসুদ শেখ বাদী হয়ে রিকু বেগমকে একমাত্র আসামি করে ফকিরহাট থানায় হত্যা মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, রিকু বেগম শিশুটিকে গলা টিপে হত্যা করেছেন।
মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে দীর্ঘদিনের সাক্ষ্য-প্রমাণ ও শিশুটির মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মো. আলতাফ হোসেন এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন মো. ফয়সল আরেফিন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আলতাফ হোসেন বলেন,আদালতে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় রিকু বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। আসামি বর্তমানে পলাতক রয়েছেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব