| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে ২৫০ প্রতিবন্ধী ব্যক্তি পেল সুবর্ণ নাগরিক কার্ড

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৬ ইং | ১১:৫৭:২৭:পূর্বাহ্ন  |  ৮২ বার পঠিত
ময়মনসিংহে ২৫০ প্রতিবন্ধী ব্যক্তি পেল সুবর্ণ নাগরিক কার্ড

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন এলাকার ২৫০ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে সুবর্ণ নাগরিক কার্ড প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তুলে দেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, সরকার কথা দিয়ে কথা রেখেছে, এই সরকার ফ্যামিলি কার্ড ও কৃষকদের সুবিধার জন্য কৃষক কার্ড এবং প্রতিবন্ধীদের জন্য এই সূর্বণ নাগরিক কার্ড দিচ্ছেন। যার মাধ্যমে এই ২৫০ প্রতিবন্ধী ব্যক্তি প্রতিমাসে এক হাজার টাকা করে আর্থিক সহযোগিতা পাবেন।

কোন কার্ড করতে এক টাকাও লাগে না, আপনারা কোন কার্ডের জন্য কাউকে টাকা দিবেন না, কেউ যদি টাকা চায় আমাকে কল দিবেন আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো। বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, তারাও আমাদের সমাজেরই গুরুত্বপূর্ণ অংশ। তাদের অধিকার, মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব। প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি তাদের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও সামাজিক অংশগ্রহণের সুযোগ আরও বাড়ানো প্রয়োজন। 

তিনি বলেন, সুবর্ণ নাগরিক কার্ড প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শুধু একটি পরিচয়পত্র নয়, বরং সরকারি বিভিন্ন সামাজিক সুরক্ষা ও সেবা পাওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। কার্ডধারীরা যাতে যথাযথভাবে সরকারি সুযোগ-সুবিধা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহানুভূতির পাশাপাশি তাদের সক্ষমতা ও প্রতিভাকে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি করতে হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্র সম্মিলিতভাবে এগিয়ে এলে প্রতিবন্ধী ব্যক্তিরাও স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। তাদের কোনোভাবেই অবহেলা বা বৈষম্যের শিকার হতে দেওয়া উচিত নয়। পাশাপাশি মাদক নির্মূল করতে হবে, মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।   

সভাপতিত্বর বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, প্রতিবন্ধী নাগরিকদের সরকারি সেবা নিশ্চিত করার ক্ষেত্রে উপজেলা প্রশাসন সবসময় আন্তরিকভাবে কাজ করছে। সুবর্ণ নাগরিক কার্ডের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সুযোগ-সুবিধা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি বক্তব্যে জেলা  সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক রাজু আহমেদ বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের শনাক্তকরণ, নিবন্ধন ও তাদের জন্য সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সমাজসেবা অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুবর্ণ নাগরিক কার্ডের মাধ্যমে নিবন্ধিত প্রতিবন্ধী ব্যক্তিরা সরকারি বিভিন্ন সেবা ও সামাজিক নিরাপত্তার আওতায় আসার সুযোগ পাবেন। এ কার্যক্রমের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার পথ আরও সুগম হবে।

সুবর্ণ নাগরিক কার্ড বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রদত্ত একটি বিশেষ পরিচয়পত্র। এর মাধ্যমে নিবন্ধিত প্রতিবন্ধী ব্যক্তিরা সরকারি বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার ও প্রয়োজনীয় পরিচয় নিশ্চিত করতে পারবেন। কার্ডের মাধ্যমে যোগ্য নিবন্ধিত ব্যক্তিরা প্রতি মাসে ১ হাজার টাকা সরকারি প্রতিবন্ধী ভাতা, চিকিৎসাসেবা, শিক্ষা, যাতায়াতসহ বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি সরকারি বিভিন্ন সহায়তা ও সেবার আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রেও এ কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে কার্ড হাতে পেয়ে কয়েকজন প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেন। 

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪