| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলীর হুমকির অভিযোগ, ‘লাশ পড়বে, চেয়ার ছাড়ব না’

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৬, ২০২৬ ইং | ১২:২২:৩৯:অপরাহ্ন  |  ৩৬ বার পঠিত
উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলীর হুমকির অভিযোগ, ‘লাশ পড়বে, চেয়ার ছাড়ব না’

উজিরপুর (বরিশাল)প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে উন্নয়নকাজে অনিয়মের অভিযোগের পাশাপাশি সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, ‘প্রয়োজনে লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না।’

সম্প্রতি দৈনিক জনবাণীতে প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে দুই পর্বে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে পত্রিকাটির প্রতিবেদক বশির হোসেন খানকে তিনি হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে জানতে সুব্রত রায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি উত্তেজিত হয়ে প্রতিবেদককে উদ্দেশ করে বিভিন্ন মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে। তিনি বলেন, সংবাদ প্রকাশ করে তার কিছুই করা যাবে না। পাশাপাশি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে তার যোগাযোগ রয়েছে দাবি করে তিনি বলেন, ‘টাকা দিয়ে এই চেয়ার কিনেছি। এখান থেকে আমাকে সরানো যাবে না।’

তিনি আরও দাবি করেন, এলজিইডির প্রধান প্রকৌশলীর সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে এবং তার পরামর্শেই তিনি বিভিন্ন কাজ করেন। এ সময় তিনি প্রতিবেদককে মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকিও দেন বলে অভিযোগ করা হয়েছে।

সুব্রত রায়ের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে উজিরপুর উপজেলা এলজিইডিতে প্রভাব বিস্তার করে আসছেন। অভিযোগকারীদের দাবি, সড়ক, কালভার্ট, সেতু ও ড্রেনসহ বিভিন্ন উন্নয়নকাজে ঠিকাদারদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়া এবং প্রকল্পের অর্থে অনিয়মের সঙ্গে তিনি জড়িত। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, প্রকৌশলী সুব্রত রায় ও তিন সাংবাদিকের কথিত গোপন বৈঠকের বিষয়টি নিয়েও স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে। ওই বৈঠকের বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

অপরাধ বিশেষজ্ঞ রাজু আহমেদ শাহ বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দুর্নীতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্টদের কেউ কেউ সাংবাদিকদের প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করেন। ফলে সাংবাদিকদের হুমকি দেওয়া বা হয়রানির ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক।

তবে প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া প্রয়োজন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪