টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ পার্শ্ববর্তী উপজেলা ভূঞাপুরে যমুনা নদীতে ফেলার সময় জনতার হাতে পিকআপ ভর্তি ওষুধসহ এক চালক আটক হয়েছেন। পরে তাকে পিকআপসহ ভূঞাপুর থানায় নিয়ে আসে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) রাতে ভূঞাপুর উপজেলার যমুনা নদীর তীরবর্তী গোবিন্দাসী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে একটি পিকআপ ভ্যানে করে বিপুল পরিমাণ সরকারি ওষুধ নিয়ে যমুনা নদীর তীরে আসেন চালক। ওষুধগুলো নদীতে ফেলে দেওয়ার প্রস্তুতিকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পিকআপটি আটক করে পুলিশে খবর দেন। ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকসহ পিকআপটি আটক করে থানায় নিয়ে আসে।
ওই পিকআপের চালক ও মালিক আজমতের দাবি, পিকআপ ভর্তি ওষুধগুলো টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সরকারি হাসপাতালের।
তিনি জানান, এর আগেও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির ভিত্তিতে ঘাটালের বনাঞ্চলের ভিতরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দিয়ে এসেছেন। এবারও একইভাবে ওষুধগুলো ফেলে দেওয়ার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম রেজাউল করিম জানান, ঘাটাইল হাসপাতালের মেয়াদোত্তীর্ণ ১মিনি ট্রাক ভর্তি ওষুধ যমুনা নদীতে ফেলে দেয়ার সময় স্থানীয়রা হাতেনাতে আটক করে। এ ব্যাপারে তিনি জেলা সিভিল সার্জনকে অবহিত করেছেন।এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু নাইম সোহেল জানান, এতগুলো ওষুধ নদীতে ফেলতে নিয়ে গেছে বিষয়টি আমি জানিনা। তবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রকৃত ঘটনা অবশ্যই জানা যাবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব