কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: সার বিতরণ নিয়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে তবে এখানে সারের কোনো সংকট নেই; পর্যাপ্ত সার মজুদ রয়েছে। সার বিতরণ ব্যবস্থাকে আরও উন্নত ও সুশৃঙ্খল করার জন্য জেলা প্রশাসন ও ডিজি এগ্রিকালচারসহ সংশ্লিষ্টরা বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। সেই কর্মপরিকল্পনা অনুযায়ী সার বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করছেন বলে জানান জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।
শুক্রবার সকাল ১০ টায় কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী (এম.পি).র সাথে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার কর্মকর্তাগণের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ইতোমধ্যে সরকার সার উত্তোলন ও বিতরণের বিষয়ে নতুন নীতিমালা জারি করেছে। নতুন নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্টরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। কিছু কিছু ক্ষেত্রে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি কিছু অসাধু ডিলার সঠিক সময়ে সার উত্তোলন করেননি কিংবা সময়মতো সার বাজারে না আনার কারণেও কোথাও কোথাও দামের কিছুটা বৃদ্ধি পেয়েছিল। তবে বর্তমানে সার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অন্যান্য সারের মধ্যে ইউরিয়া সারের ব্যবহার এখন তুলনামূলকভাবে কম। অন্যদিকে আলু চাষের মৌসুমকে সামনে রেখে অনেক কৃষক অতিরিক্ত পরিমাণে সার সংগ্রহের চেষ্টা করছেন। এ কারণে কিছু কিছু সারের চাহিদা ও দাম সাময়িকভাবে বেড়েছিল। বিষয়গুলো ইতোমধ্যে পর্যালোচনা করা হয়েছে। এখানে পর্যাপ্ত সার বরাদ্দ রয়েছে। স্বাভাবিক বরাদ্দের বাইরেও সরকার অতিরিক্ত চার হাজার মেট্রিক টন সার বরাদ্দ দিয়েছে। ইউরিয়া ও নন-ইউরিয়া কোনো ধরনের সারেরই ঘাটতি নেই। সার বিতরণ ব্যবস্থা সঠিকভাবে পরিচালনার জন্য যেসব কর্মসূচি নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে। আমরা আশা করছি, কৃষকরা নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার পাবেন। কোথাও কেউ অনিয়ম বা ব্যর্থতা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া, জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজু আলম সরকার, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী,ক্ষেতলাল উপজেলা কৃষি অফিসার মল্লিকা রানী, আক্কেলপুর উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন , কালাই উপজেলা কৃষি অফিসার হারুনূর রশিদ, এছাড়াও কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকারসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
রিপোর্টার্স২৪/ধ্রুব