| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুমের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৯, ২০২৬ ইং | ২১:৫৯:২৭:অপরাহ্ন  |  ৩০১ বার পঠিত
গুমের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার: গুমের শিকার প্রতিটি ব্যক্তির সুবিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সরকার কঠোর ও যুগোপযোগী আইন প্রণয়ন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, অতীতে গুমের ঘটনা শুধু তদন্তের মধ্যে সীমাবদ্ধ থাকলেও নতুন আইনে সরাসরি আদালতে প্রতিকার পাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। অপরাধের ধরন অনুযায়ী সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধানও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাতীয় জাদুঘরে ‘মায়ের ডাক’ আয়োজিত আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আইনের বিভিন্ন দিক তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৬’-এর মাধ্যমে অপরাধের সংজ্ঞা ও উপযুক্ত সাজা নির্ধারণ করা হয়েছে। গুম হওয়া ব্যক্তির অনুপস্থিতিতে তার পরিবার যাতে সম্পত্তি ভোগদখল করে জীবনধারণ করতে পারে, সে ব্যবস্থাও রাখা হয়েছে।

এছাড়া অপরাধীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় এবং তা সম্ভব না হলে রাষ্ট্রের পক্ষ থেকে গুমের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার বিধানও আইনে যুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনে ‘সিস্টেমেটিক ও ওয়াইডস্প্রেড এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স’-এর বিচারের যে বিধান রয়েছে, তা বহাল থাকছে।

পাশাপাশি সাধারণ আদালতে গুমসংক্রান্ত অপরাধের বিচার ও সাজা কার্যকর করতে ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) বিধানেও জোর দেওয়া হয়েছে।

প্রয়োজনে যেকোনো আইন সংশোধনের সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি অংশীজনদের গঠনমূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানান।

বিগত সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা একটি ভঙ্গুর বাহিনী পেয়েছি। গত ছয় মাসে তাদের মনোবল ফেরানো এবং মোটিভেট করার কাজ চলছে। এখন থেকে রিওয়ার্ড ও পানিশমেন্ট নীতি বাস্তবায়ন করা হচ্ছে।’

প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে জবাবদিহিতা ও মানবাধিকার রক্ষা নিশ্চিত করেই আধুনিক বাহিনী গঠন করা হচ্ছে বলেও জানান তিনি।

সম্প্রতি বাগেরহাটের একটি ঘটনার ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুন্দরবনে জলদস্যু ও বনদস্যু দমনে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। সেখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে গুম করার অভিযোগ ভিত্তিহীন। কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তি অপপ্রচার চালানোর চেষ্টা করলেও সরকার বিষয়টির নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত করিয়েছে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান, ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি এবং নেত্র নিউজের নির্বাহী সম্পাদক নাজমুল আহসান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪