| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুর হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৬ ইং | ১৬:৩৫:৫৯:অপরাহ্ন  |  ৬০৯ বার পঠিত
মেহেরপুর হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

মেহেরপুর প্রতিনিধি: মুমূর্ষু রোগীর চিকিৎসা যেখানে অগ্রাধিকার পাওয়ার কথা, সেখানে সুপারিশের রোগী ভর্তি করানো নিয়ে চিকিৎসকের সঙ্গে বাগ্বিতণ্ডা, গালিগালাজ ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মাহবুবুর রহমানকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের ছোট ভাই রকিবুল হাসান রিপনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। চিকিৎসকের অভিযোগ, সুপারিশ করা রোগীকে আইসিইউতে ভর্তি করাতে না পেরে রিপন তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার জন্য তেড়ে আসেন। তবে অভিযুক্তের দাবি, চিকিৎসকের অসদাচরণের প্রতিবাদ করতে গিয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

হাসপাতালের আইসিইউ ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স লাভলী খাতুন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ডা. মাহবুবুর রহমান ওয়ার্ডের রোগীদের দেখে ব্যবস্থাপত্র লিখছিলেন। এ সময় রকিবুল হাসান রিপন ওয়ার্ডে প্রবেশ করে চিকিৎসককে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। চিকিৎসক এর প্রতিবাদ করলে তাঁর ওপর হামলা চালানো হয়। তিনি আরও জানান, সকালে ওই ব্যক্তি দুইবার হাসপাতালে এসে তাঁর সুপারিশ করা রোগীকে ভর্তি করানোর জন্য চাপ দেন এবং আইসিইউ থেকে একজন রোগীকে বের করে হলেও ওই রোগীকে ভর্তির দাবি জানান।

লাঞ্ছিত হওয়া চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, রিপন বারবার তাঁর সুপারিশ করা এক রোগীকে আইসিইউতে ভর্তি করানোর জন্য অনুরোধ করছিলেন। কিন্তু আইসিইউতে কোনো সিট খালি ছিল না। একপর্যায়ে আমি কিছুটা বিরক্ত হয়ে বলি, যেটা সম্ভব নয়, সেই বিষয়ে এত কচলাকচলি করছেন কেন? এরপর রিপন রাজনৈতিক পরিচয় দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বলেন, অন্য কোনো ডাক্তার হলে এতক্ষণে মেরে সোজা করে ফেলতাম।

চিকিৎসকের অভিযোগ, এমন আচরণ না করার জন্য বললে রিপন তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার উদ্দেশ্যে তেড়ে আসেন।

অভিযোগের বিষয়ে রকিবুল হাসান রিপনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ওই চিকিৎসকের আচরণ সব সময় খারাপ এবং তাঁর বিরুদ্ধে অনেকের অভিযোগ রয়েছে।

রিপন বলেন, “আমার পরিচিত এক ক্যানসার রোগীকে আইসিইউতে ভর্তি করানোর অনুরোধ নিয়ে চিকিৎসকের কাছে গেলে তিনি আমাকে বলেন, ‘আপনি এত কচলাচ্ছেন কেন’। এটা কি কোনো ডাক্তারের ভাষা হতে পারে? এ ধরনের ভাষা তো সুইপাররা ব্যবহার করে। আমি আমার ভাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক পরিচয় দেওয়ার পরও এমন আচরণের শিকার হয়েছি, যা অনাকাঙ্ক্ষিত।” ওই চিকিৎসকের আচরণ সম্পর্কে আশপাশে খোঁজ নিলে কেউ ভালো কথা বলবেন না বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাসিম আখতার বলেন, ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪