শরীয়তপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে বর্ণাঢ্য র্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে মাহবুব মোর্শেদ টিপুর নেতৃত্বে এ র্যালি ও আনন্দ মিছিল বের করা হয়। মাহবুব মোর্শেদ টিপু সদর উপজেলার তুলাসার ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদের বিএনপি মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী এবং আগামীতে দলীয় মনোনয়নপ্রত্যাশী।
র্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে শহরের প্রধান সড়কগুলো মুখরিত হয়ে ওঠে।
দলীয় নেতাকর্মীদের কাছে ‘জনতার চেয়ারম্যান’ হিসেবে পরিচিত মাহবুব মোর্শেদ টিপুর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি দৃঢ় আস্থা প্রকাশ করেন।
র্যালি ও আনন্দ মিছিল শেষে নেতাকর্মীরা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম ও কারা নির্যাতনের মধ্য দিয়ে দলীয় রাজনীতিতে সক্রিয় থাকা মাহবুব মোর্শেদ টিপু নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিকে ঘিরে তিনি নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/ঝুম