| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে চান এসিল্যান্ড নাহিদুল হক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৬ ইং | ১৬:৪৮:০৩:অপরাহ্ন  |  ৬০৬৪ বার পঠিত
কাপাসিয়ায় জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে চান এসিল্যান্ড নাহিদুল হক

‎কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার সাধারণ মানুষের কাছে দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক। ভূমি নামজারি প্রক্রিয়া সহজ করা, মিস মোকদ্দমা দ্রুত নিষ্পত্তি, কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধ, মাদকবিরোধী অভিযান এবং বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ নানা কার্যক্রমে গুরুত্ব দিচ্ছেন তিনি।

‎কাপাসিয়ায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনের এক বছর অতিবাহিত হওয়ায় আজ বুধবার এক সাক্ষাৎকারে নিজের কর্মকালীন বিভিন্ন কার্যক্রম ও অর্জনের কথা তুলে ধরেন নাহিদুল হক।

‎সাক্ষাৎকারে তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে ভূমিসেবা গ্রহণকারী সাধারণ মানুষের ভোগান্তি কমানোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে ভূমি-সংক্রান্ত মিস মোকদ্দমা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। গত এক বছরে প্রায় ২৫০টি মিস মোকদ্দমা দায়ের হয়েছে। এর মধ্যে প্রায় ১৫০টি মামলার রায় দেওয়া হয়েছে বলে জানান তিনি।

‎এ সময় নামজারি কার্যক্রমের অগ্রগতির কথাও তুলে ধরেন সহকারী কমিশনার (ভূমি)। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে কাপাসিয়া উপজেলার ভূমি মালিকরা প্রায় ৯ হাজার নামজারি আবেদন করেছেন। যাচাই-বাছাই শেষে এসব আবেদনের প্রায় ৯০ শতাংশ অনুমোদন দেওয়া হয়েছে।

‎নাহিদুল হক বলেন, ভূমি মালিকরা যাতে অপ্রয়োজনীয় হয়রানি ছাড়াই সরকারি নিয়ম অনুযায়ী সেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে কাজ করা হচ্ছে। একই সঙ্গে ভূমি অফিসের সেবার মান আরও উন্নত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

‎কৃষিজমি রক্ষায়ও বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিজমি থেকে অনুমোদন ছাড়া মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড এবং আইন অনুযায়ী বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে।

‎মাদকবিরোধী কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, মাদকের বিস্তার রোধে বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

এ ছাড়া সরকারি বিধিবিধান অনুসরণ করা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নিয়মিত পরিদর্শনের কথাও জানান সহকারী কমিশনার (ভূমি)। অনিয়ম বা বিধিবহির্ভূত কার্যক্রম পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

‎দায়িত্ব পালনে স্থানীয় জনগণের সহযোগিতার প্রশংসা করে নাহিদুল হক বলেন, কাপাসিয়ার মানুষ তাঁকে দায়িত্ব পালনের ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। এ সহযোগিতার জন্য তিনি উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

‎তিনি আরও বলেন, ভূমি-সংক্রান্ত সেবা মানুষের জন্য আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করার চেষ্টা অব্যাহত থাকবে। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করতে তিনি ভবিষ্যতেও আন্তরিকভাবে কাজ করতে চান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪