সিলেট প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে হত্যা, অস্ত্র, মাদক ও চুরি-ডাকাতিসহ ২০টি মামলার আসামি এবং মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. কাউছার মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-৯।
কাউছার মিয়া কোম্পানীগঞ্জ থানার ফেদারগাঁও এলাকার মৃত আব্দুস ছোবহানের ছেলে।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট মহানগরের জালালাবাদ থানার ৮ নম্বর ওয়ার্ডের পাঠানটুলা মোড় এলাকায় অভিযান চালায় র্যাব-৯-এর সিপিএসসি, সিলেটের একটি দল। এ সময় ফুলকলি দোকানের সামনে থেকে কোম্পানীগঞ্জ থানার একটি মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কাউছার মিয়াকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার কাউছার মিয়া কোম্পানীগঞ্জ থানায় দায়ের করা হত্যা, অস্ত্র, মাদক ও চুরি-ডাকাতিসহ ২০টি মামলার এজাহারনামীয় আসামি। তিনি মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এবং র্যাবের ভাষ্য অনুযায়ী, এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী।
গ্রেপ্তারের পর কাউছার মিয়াকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/রাফিদ