| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদ্মা ব্যারাজের নকশা প্রধানমন্ত্রী নিজেই করছেন: অর্থ উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১১, ২০২৬ ইং | ১৮:১৬:১৫:অপরাহ্ন  |  ২৭৪ বার পঠিত
পদ্মা ব্যারাজের নকশা প্রধানমন্ত্রী নিজেই করছেন: অর্থ উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই নতুন পদ্মা ব্যারাজের নকশা করছেন বলে জানিয়েছেন তার অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, এই পদ্মা ব্যারাজ আগের পরিকল্পনার মতো হবে না; এর মাধ্যমে দেশের পানি ব্যবস্থাপনায় নতুন কৌশল বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন অঞ্চলে কর্মসংস্থান ও নতুন শহর গড়ে ওঠার সুযোগ তৈরি হবে।

অর্থ উপদেষ্টা বলেন, পদ্মা ব্যারাজ প্রকল্পের প্রথম ধাপ হবে ডিজাইন ফেজ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং পানিসম্পদ মন্ত্রী-প্রতিমন্ত্রীর বাস্তবায়নের মাধ্যমে নতুন ধরনের পানি ব্যবস্থাপনা কৌশল নিয়ে এ প্রকল্প এগিয়ে নেওয়া হবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর কে রাজ উচ্চ বিদ্যালয় মাঠে ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’-এর প্রস্তাবিত স্থান পরিদর্শন উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

এর আগে শুক্রবার সকালে পাংশার হাবাসপুরে পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।

জনসভায় প্রধান বক্তা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, জনগণের আস্থা ও ভোটের মাধ্যমে দেশে পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। পদ্মা ব্যারাজ সেই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নে পানিসম্পদ মন্ত্রণালয়, প্রতিমন্ত্রী, সচিব ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, প্রকল্পটির প্রথম ধাপ হবে ‘ডিজাইন ফেজ’। নতুন ধরনের পানি ব্যবস্থাপনা কৌশল নিয়ে এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশে পানি থাকবে, বিভিন্ন বিভাগে কর্মসংস্থান হবে, নতুন শহর গড়ে উঠবে, কর্মসংস্থান তৈরি হবে এই চিন্তা থেকেই নতুন ধরনের পদ্মা ব্যারাজের পরিকল্পনা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রস্তাবিত পদ্মা ব্যারাজের প্রকৌশলগত কাঠামো ও কৌশলগত দিক হবে অত্যাধুনিক। এমনকি প্রকল্পটি বাস্তবায়িত হলে বিশ্বের বিভিন্ন দেশ থেকেও মানুষ এর প্রকৌশলগত দিক দেখতে আসবে।

বক্তব্যে দেশের পানি বণ্টন ও নদী ব্যবস্থাপনার প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ফারাক্কা সমস্যা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকার কথা উল্লেখ করেন। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় পদ্মা ব্যারাজ, তিস্তা পানি মহাপরিকল্পনা ও বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনার মতো উদ্যোগের কথা তুলে ধরেন।

ফারাক্কা সমস্যা তুলে ধরে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা, অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ফারাক্কার পানির ন্যায্য হিস্যার বিষয়টি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এবং তিনিই বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করেছিলেন।

তিনি বলেন, পরবর্তীতে পানির ন্যায্য হিস্যা নিয়ে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে পদ্মা ব্যারাজ, তিস্তা পানি মহাপরিকল্পনা ও বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনাসহ বিভিন্ন উদ্যোগের কাজ শুরু হয়েছিল। বর্তমানে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

দেশের কর্মসংস্থানহীনতাকে বড় সমস্যা উল্লেখ করে উপদেষ্টা বলেন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। শিক্ষাব্যবস্থায় কর্মসংস্থানমুখী পরিবর্তন আনার কথাও জানান তিনি।

তিতুমীর বলেন, গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ বিভিন্ন খাতে টেকসই সমাধানের দিকে সরকার এগোচ্ছে। একই সঙ্গে কৃষক ও নারীদের উন্নয়ন কার্যক্রমে আরও সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রকল্পটির প্রকৌশলগত গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পদ্মা ব্যারাজের কৌশলগত ও প্রকৌশলগত দিক এমন হবে, যা বিশ্বের মানুষের আগ্রহের বিষয় হয়ে উঠবে। তার ভাষায়, পদ্মা ব্যারাজ পানামা খালের চেয়েও বড় ধরনের প্রকৌশলগত কৌশলসম্পন্ন প্রকল্প হবে।

তিনি আরও বলেন, এই পদ্মা ব্যারাজ তিনি (তারেক রহমান) নিজেই ডিজাইন করছেন। আপনারা ভোট দিয়েছেন, আর তিনি নিশ্চিত করছেন যে তার প্রতিটি কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

জনসভায় তিনি আরও বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই দর্শনের ভিত্তিতে সবাইকে নিয়ে সবার জন্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

শুক্রবার জুমার দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া চান অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

জনসভায় প্রধান অতিথি ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানিসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪