| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং | ১৪:০০:৩০:অপরাহ্ন  |  ৯৯ বার পঠিত
উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আমেনা নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসক-নার্সের অবহেলা ও দায়িত্বে গাফিলতির কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও চিকিৎসায় কোনো অবহেলা ছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, উপজেলার শিকারপুর ইউনিয়নের বর্তা গ্রামের মহিন্দ্রাচালক মিলন তালুকদারের মেয়ে আমেনাকে ফুড পয়জনিংজনিত সমস্যা নিয়ে গত ৯ সেপ্টেম্বর উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পরও শিশুটির শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে নেওয়ার উদ্যোগ নেন।

স্বজনদের অভিযোগ, শিশুটিকে বরিশালে নিয়ে চিকিৎসা করাতে চাইলেও হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়নি। ফলে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসাধীন রাখা হয় আমেনাকে।

পরিবারের দাবি, ১৩ সেপ্টেম্বর রাতে শিশুটির শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটে। বিষয়টি কর্মরত নার্সদের জানানো হলেও তারা যথাযথ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেননি। একপর্যায়ে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

শিশুটির বাবা মিলন তালুকদার অভিযোগ করেন, হাসপাতালে ভর্তি করার পর তার মেয়েকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়নি। নার্সদের কাছ থেকেও যথাযথ সেবা পাওয়া যায়নি। বরং রোগীর স্বজনদের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং দায়িত্বে গাফিলতির কারণেই তার মেয়ের অকালমৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।

শিশুটির মৃত্যুর ঘটনায় হাসপাতালের চিকিৎসাসেবা ও নার্সদের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন তুলেছেন স্বজনরা। তাদের দাবি, বিষয়টি তদন্ত করে চিকিৎসায় কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামিদা আক্তার বলেন, “জন্ম-মৃত্যু আমাদের হাতে নেই।” চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সকালে সংশ্লিষ্টদের ডেকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

এদিকে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

রিপোর্টার্স২৪/রাফিদ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪