ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়ার উৎপাদন সম্প্রসারণে পাইলট প্রকল্পের আওতায় নির্বাচিত খামারিদের মাঝে পাঠা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রাণিসম্পদ দপ্তর, ঝিনাইদহের আয়োজনে জেলার ছয়টি উপজেলা থেকে নির্বাচিত খামারিদের মাঝে দুইটি করে পাঠা বিতরণ করা হয়।
প্রকল্পটির মূল লক্ষ্য হলো উন্নত জাতের ছাগল ও দেশীয় ভেড়ার উৎপাদন বৃদ্ধি এবং প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করা।
পাঠা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও নির্বাচিত খামারিরা।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নির্বাচিত খামারিদের হাতে উন্নত জাতের পাঠা তুলে দেওয়া হয়।
উন্নত জাতের পাঠা পেয়ে খামারিরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের উদ্যোগের ফলে ছাগল ও ভেড়ার উন্নত জাতের বংশবিস্তার বাড়বে। পাশাপাশি খামারিদের আয় ও কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা জানান, এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে উন্নত জাতের ছাগল ও দেশীয় ভেড়ার উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব