| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিটার সংকটে পল্লী বিদ্যুৎ, নতুন সংযোগে ভোগান্তি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং | ১৮:০৫:৩০:অপরাহ্ন  |  ৬৪ বার পঠিত
মিটার সংকটে পল্লী বিদ্যুৎ, নতুন সংযোগে ভোগান্তি

বগুড়া প্রতিনিধি: নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেও মাসের পর মাস অপেক্ষা করছেন গ্রাহকেরা। মিটার এবং সার্ভিস ড্রপ তার সরবরাহ না থাকায় ভোগান্তি বেড়েছে। বগুড়ার গাবতলী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে নতুন সংযোগ কার্যক্রম বন্ধ রয়েছে। হয়রানির পাশাপাশি দুর্ভোগ পোহাচ্ছেন অসংখ্য সেবা প্রত্যাশী। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ গাবতলী জোনাল অফিসের অধীনে বর্তমানে প্রায় ১ লাখ ৭ হাজার ৫০৬ জন গ্রাহক বিদ্যুৎ সেবা নিচ্ছেন। প্রতি মাসে নতুন সংযোগের জন্য গড়ে ৪০০ আবেদন জমা পড়ে। তবে মিটার ও সার্ভিস ড্রপ তারের সরবরাহ না থাকায় পুরোনো আবেদন এখনো নিষ্পত্তি করা সম্ভব হয়নি। বর্তমানে প্রায় ৭৬২টি পুরোনো আবেদন সংযোগের অপেক্ষায় রয়েছে। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নতুন সংযোগের আবেদনকারী কয়েকজন গ্রাহক অফিসে অপেক্ষা করছেন। কেউ দুই মাস অথবা তিন মাস আগে, আবার কেউ পাঁচ মাস আগে সংযোগের জন্য আবেদন করেছেন। তারা এখনো মিটার ও সংযোগ পাননি। দ্রুত সমস্যার সমাধান না হলে ভোগান্তি আরও বাড়বে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেবা প্রত্যাশী বলেন, নতুন সংযোগের জন্য তিন মাস আগে আবেদন করেছি। মিটারের জন্য টাকা জমা দিয়েছি। প্রায় প্রতি সপ্তাহে একবার অফিসে আসি। হয়রানি, দুর্ভোগ পিছু ছাড়ছে না। ঘুরতে ঘুরতে বিরক্ত হয়ে গেছি। এখনো নতুন সংযোগ পাইনি। 

গ্রাহকদের অভিযোগ, নতুন সংযোগের জন্য আবেদন করার সময় প্রয়োজনীয় টাকা জমা দেওয়ার পরও মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। সংযোগ পাওয়ার আশায় অনেকেই নিয়মিত পল্লী বিদ্যুৎ অফিসে এসে খোঁজ নিচ্ছেন। সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে। দীর্ঘদিন ধরে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না। মিটার ও তারের সংকটের কথা বলে অপেক্ষা করতে বলা হচ্ছে। 

পল্লী বিদ্যুৎ অফিস সংশ্লিষ্টরা জানান, মিটার ও সার্ভিস ড্রপ তারের পাশাপাশি ট্রান্সফরমারের সরবরাহ সংকট রয়েছে। নতুন সংযোগের আবেদন জমা পড়লেও প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় বাস্তবায়ন করা যাচ্ছে না। পুরোনো আবেদনের সিরিয়াল অনুযায়ী সংযোগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা আরও জানান, গ্রাহকদের নতুন সংযোগ দিতে মিটার ও তার অনেক ক্ষেত্রে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) সরবরাহের ওপর নির্ভর করতে হয়। সরবরাহ কম থাকায় সংকট তৈরি হয়েছে। কিছু ক্ষেত্রে পল্লী বিদ্যুৎ সমিতির নিজস্ব অর্থায়নে মিটার ও তার সংগ্রহ করে গ্রাহকদের সংযোগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এ প্রসঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতি গাবতলী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মাসূম আহমেদ বলেন, চাহিদা অনুযায়ী মিটার ও সার্ভিস ড্রপ তার সরবরাহ পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। খুব শিগগিরই সরঞ্জাম সরবরাহ পাওয়া যাবে এবং গ্রাহকদের নতুন সংযোগ দেওয়া সম্ভব হবে বলে আশা করছি। 

গ্রাহকদের প্রত্যাশা, দীর্ঘদিনের মিটার ও সংযোগ তার সংকট দ্রুত সমাধান করে অপেক্ষমাণ আবেদনগুলো নিষ্পত্তি করা হবে। একই সঙ্গে নতুন আবেদনকারীদের সংযোগ দেওয়ার ব্যবস্থা করবে কর্তৃপক্ষ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪