| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় শজিমেক হাসপাতালে ৪ আনসার সদস্য ছুরিকাহত, আটক ৪

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৭, ২০২৬ ইং | ১১:১৮:১৭:পূর্বাহ্ন  |  ৪৩১৬ বার পঠিত
বগুড়ায় শজিমেক হাসপাতালে ৪ আনসার সদস্য ছুরিকাহত, আটক ৪

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর স্বজন ও ট্রলি বহনকারীর মধ্যে হট্টগোল থামাতে গিয়ে চার আনসার সদস্য ছুরিকাহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। আহত আনসার সদস্যরা হলেন—শাহিনুর, মোস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন ও আজাদ। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আনসার কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে বগুড়া শহরের বৌ-বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ আহত হন। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে ট্রলি বহনকারী নাহিদের সঙ্গে রোগীর বন্ধুদের তর্কবিতর্ক শুরু হয়।

একপর্যায়ে ৬ থেকে ৭ জন নাহিদকে মারধর শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বিভাগের দায়িত্বে থাকা আনসার সদস্যরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এ সময় চার আনসার সদস্য ছুরিকাহত হন বলে দাবি করেছে আনসার কর্তৃপক্ষ।

পরে পুলিশ ও অতিরিক্ত আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—বোরহান উদ্দিন (১৮), তানভীর আহমেদ (১৭), সামির আহম্মেদ (১৮) ও রিশাদ (১৭)। তাদের মধ্যে বোরহান ও সামিরের বয়স ১৮ বছর এবং তানভীর ও রিশাদের বয়স ১৭ বছর। আটক চারজন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ও বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। হামলায় জড়িত আরও কয়েকজন পালিয়ে গেছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বগুড়ার জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলাহ্ তুহিন বলেন, হট্টগোল থামাতে যাওয়ায় চার আনসার সদস্যকে ছুরিকাঘাত করা হয়েছে। তারা আশঙ্কামুক্ত আছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বলেন, হামলায় চাকু ব্যবহার করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আনসার সদস্যদের মারধর করা হয়েছে এবং তারা আহত হয়েছেন। ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪