বগুড়া প্রতিনিধি: আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে বগুড়ায় ১১ দলীয় ঐক্যের সর্বশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের নবাববাড়ী রোডে নগর জামায়াত কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটি, বগুড়া জেলা ও মহানগরীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরী আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। সভা পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বগুড়া মহানগরী সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক।
সভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ, এনসিপির অ্যাডভোকেট মুহা. ইজাজ আল ওয়াসী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির বগুড়া জেলা সভাপতি মো. মাহফুজুল হক, সাধারণ সম্পাদক শাফিকুর রহমান শফি, বাংলাদেশ খেলাফত মজলিশের বগুড়া জেলা সেক্রেটারি মুফতি মাওলানা মামুন রহমানী, অধ্যাপক রফিকুল আলম, মাওলানা আব্দুল হালিম বেগ প্রমুখ।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক আ স ম আব্দুল মালেক। তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এ লংমার্চ অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে লংমার্চে বগুড়ার সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন। ১৯ সেপ্টেম্বর বিকেল ৩টায় বগুড়ার মাটিডালী বিমানমোড়ে পথসমাবেশ শুরু হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর মাওলানা মামুনুল হক এবং এলডিপির সভাপতি ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম।
অধ্যাপক আ স ম আব্দুল মালেক আশা প্রকাশ করেন, বগুড়ার পথসমাবেশে দলীয় নেতাকর্মীসহ দেড় লক্ষাধিক মানুষ অংশ নেবেন।
রিপোর্টার্স২৪/রাফিদ