রিপোর্টার্স২৪ ডেস্ক: কোনো ধরনের বাধা না থাকলেও ১১ দলের লং মার্চে প্রত্যাশিত জনসাড়া মিলছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নেতৃত্ব ও রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খান এসব মন্তব্য করেন।
পোস্টে জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তুলে রাশেদ খান লেখেন, জামায়াতের আমির গত লং মার্চে বললেন, জাতির প্রয়োজনে ৬ দফা ১ দফায় পরিণত হতে পারে! আজকের লং মার্চ থেকে বললেন, জাতির প্রয়োজনে ৮ দফা ১ দফায় পরিণত হতে পারে! কিন্তু জাতি কি জানে তার প্রয়োজনে কখন ৬ দফা ৮ দফায় পরিণত হলো?
তিনি আরও লেখেন, যে নেতা দাবিদাওয়া ঠিক করতে পারেন না, সেই নেতা শুধু জামায়াতি জাতির নেতা হতে পারেন, সমগ্র জাতির নেতা হতে পারেন না!
লং মার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নিয়েও মন্তব্য করেন রাশেদ খান। তিনি বলেন, জনগণ এই কর্মসূচিতে কেমন সাড়া দেবে, তা ছুটির দিনে জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত কর্মসূচিতে উপস্থিতির চিত্র থেকেই মোটামুটি বোঝা গেছে।
এ প্রসঙ্গে তিনি লেখেন, সেখানে নেতাকর্মীদের তুলনায় সাংবাদিকদের উপস্থিতি বেশি মনে হয়েছে! কোনো বাধা নেই, তার পরও জাতি সাড়াশব্দ করছে না! এই পেছনের কারণ কি এনসিপি কখনো অনুসন্ধান করার চেষ্টা করেছে।
রাশেদ খান তার পোস্টে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পূর্বের বক্তব্যের কথাও উল্লেখ করেন। তার দাবি, নির্বাচনের আগে নাহিদ ইসলাম বলেছিলেন, জামায়াতের নেতৃত্বকে দেশের জনগণ কখনোই গ্রহণ করবে না।
তবে পরবর্তী সময়ে নাহিদ ইসলাম জামায়াতের আমিরের নেতৃত্ব গ্রহণ করেছেন এমন দাবি করে রাশেদ খান লেখেন, নাহিদ ইসলাম যেদিন জামায়াতের আমিরের নেতৃত্বকে গ্রহণ করলেন, সেদিন থেকে দুই নেতার কোনো নেতার আহ্বানে জাতি আর সাড়া দিচ্ছে না!
তার এই বক্তব্যের মধ্য দিয়ে রাশেদ খান মূলত জামায়াত ও এনসিপির বর্তমান রাজনৈতিক অবস্থান এবং তাদের কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণের মাত্রা নিয়ে প্রশ্ন তুলেছেন।
রিপোর্টার্স২৪/ঝুম