স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, বৈঠকে মূলত বাংলাদেশের জনস্বাস্থ্য খাতকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে শিশুস্বাস্থ্য উন্নয়ন, টিকাদান কর্মসূচি, সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিতকরণ, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিশদ আলোচনা করেন তারা।
বৈঠকে তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের থানা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়। এ সময় দেশে নতুন করে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও তাদের উন্নত প্রশিক্ষণের বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া, দেশের এই প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের জন্য আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমন্বিত অত্যাধুনিক ‘ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম’ গড়ে তোলার পরিকল্পনা নিয়েও আলাপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মার্ক সুজম্যান।
রিপোর্টার্স২৪/ধ্রুব