| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩১ বছরেও পাকা হয়নি হেড়মা-দেবরাজ সড়ক, বৃষ্টিতে হাঁটুকাদা, দুর্ভোগে ৩০ হাজার মানুষ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৬ ইং | ১২:২২:৪৫:অপরাহ্ন  |  ৮৩৮ বার পঠিত
৩১ বছরেও পাকা হয়নি হেড়মা-দেবরাজ সড়ক, বৃষ্টিতে হাঁটুকাদা, দুর্ভোগে ৩০ হাজার মানুষ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের হেড়মা বাজার থেকে দেবরাজ নতুন বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কাঁচা সড়ক। ১৯৯৫ সালে বেড়িবাঁধ নির্মাণের পর থেকে দীর্ঘ ৩১ বছরেও সড়কটি পাকা হয়নি। সামান্য বৃষ্টি হলেই সড়কজুড়ে সৃষ্টি হয় হাঁটুপানি সমান কাদা। এতে প্রায় ৩০ হাজার মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে সড়কটি দিয়ে ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। সবচেয়ে বেশি বিপাকে পড়েন শিক্ষার্থী, নারী, শিশু ও অসুস্থ রোগীরা। জরুরি প্রয়োজনে রোগী কিংবা গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে। কাঁচামাল পরিবহনে সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরাও।

সরেজমিনে দেখা যায়, হেড়মা বাজার থেকে দেবরাজ নতুন বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও হাঁটুসমান কাদা জমে রয়েছে। কেউ জুতা হাতে নিয়ে, আবার কেউ কাদা মাড়িয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। বিকল্প সড়ক থাকলেও সেটির অবস্থাও বেহাল। ফলে বাধ্য হয়ে এই দুর্ভোগপূর্ণ পথ ব্যবহার করছেন কয়েকটি গ্রামের বাসিন্দারা।

ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইবতেদায়ি প্রধান সুবহান বলেন, ১৯৯৫ সালে বেড়িবাঁধ নির্মাণের পর থেকে সড়কটির উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। বর্ষার চার মাস যানবাহন চলাচল প্রায় বন্ধ থাকে। অসুস্থ রোগী ও গর্ভবতী মায়েদের নিয়ে যাতায়াতে চরম সমস্যা হয়। হেড়মা থেকে দেবরাজ হয়ে পঞ্চকরণ নতুন বাজার পর্যন্ত সড়কটি পাকা করার দাবি জানান তিনি।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহানুর জানায়, বৃষ্টি হলে রাস্তা কাদায় ভরে যায়। স্কুলে যেতে গিয়ে অনেক সময় পড়ে জামাকাপড়, ব্যাগ ও বইখাতা নষ্ট হয়। এতে নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত ব্যাহত হয়।

স্থানীয় বাসিন্দা অজিয়ার রহমান বলেন, একটু বৃষ্টি হলেই হাঁটুসমান কাদা হয়। শিশুরা স্কুলে যেতে পারে না, সাধারণ মানুষও নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত সড়কটি নির্মাণে সরকারি উদ্যোগ প্রয়োজন।

৭০ বছর বয়সী তরফদার শেখ বলেন, এই বয়সেও প্রতিদিন কাদা মাড়িয়ে বাজারে যেতে হয়। অনেকেই এসে রাস্তা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন, কিন্তু কাজ হয়নি। জীবনের শেষ বয়সে সড়কটি পাকা দেখে যেতে চান তিনি।

তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি খান রফিকুল ইসলাম বলেন, রাস্তাটি নির্মাণের জন্য একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীর কাছে আবেদন করেছেন। সড়কের বিল পাস হয়েছে বলে জেনেছেন, কিন্তু এখনো কাজ শুরু হয়নি। দ্রুত নির্মাণকাজ শুরুর দাবি জানান তিনি।

এ বিষয়ে বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুর রশিদ বলেন, সড়কটির বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান অবস্থা ও উন্নয়ন প্রকল্পের বিষয়টি যাচাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এলাকাবাসীর দাবি, সাময়িক মেরামত নয়, হেড়মা বাজার থেকে দেবরাজ বাজার হয়ে পঞ্চকরণ নতুন বাজার পর্যন্ত পুরো সড়কটি টেকসইভাবে পাকা করা হোক। এতে কয়েকটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪