| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় মৎস্য চাষিদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৬ ইং | ২০:১২:৫০:অপরাহ্ন  |  ২৪২২ বার পঠিত
দাগনভূঞায় মৎস্য চাষিদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূঞায় মৎস্য চাষিদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (তৃতীয় পর্যায়) আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে ভার্চুয়ালি যুক্ত হয়ে আধুনিক পদ্ধতিতে মাছ চাষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের পরিচালক মো. আনোয়ার হোসেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিরাজুল ইসলামের সঞ্চালনায় অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন ফেনী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুর হাছান ও সিনিয়র সহকারী পরিচালক মো. আবদুল্লা আল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন প্রদর্শনী চাষি ও সহযোগী চাষি অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষণে বৈজ্ঞানিক পদ্ধতিতে পুকুর ব্যবস্থাপনা, উন্নত প্রজাতির পোনা নির্বাচন, খাদ্য ব্যবস্থাপনা, মাছের স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান বজায় রাখা, পোনার গুণগত মান যাচাই ও মজুদ, সুষম খাদ্য প্রয়োগ এবং মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রোবায়োটিক, এয়ারেটর ও আইওটি-ভিত্তিক পানি ব্যবস্থাপনার মতো আধুনিক প্রযুক্তি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয় এবং কয়েকটি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে বক্তারা বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করলে উৎপাদন বাড়ানোর পাশাপাশি খামারের খরচ কমিয়ে অধিক লাভ করা সম্ভব। সঠিক পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নত মানের পোনা এবং সুষম খাদ্য ব্যবস্থাপনা মৎস্য চাষের সফলতার জন্য গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকলে মৎস্য খাতের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি চাষিদের আর্থিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪