| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্ষণচেষ্টা প্রতিহত করায় স্বেচ্ছাসেবক দল নেতা সাদ্দামকে হত্যা, আটক ১

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৬ ইং | ১৭:১৩:১০:অপরাহ্ন  |  ৮৬০ বার পঠিত
ধর্ষণচেষ্টা প্রতিহত করায় স্বেচ্ছাসেবক দল নেতা সাদ্দামকে হত্যা, আটক ১

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে এক তরুণীকে ধর্ষণের হাত থেকে রক্ষা ও ধর্ষককে এলাকাছাড়া করার জেরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতা সাদ্দাম হোসেনকে (৩২) পরিকল্পিতভাবে ডেকে নিয়ে প্রকাশ্যে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। 

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল ঘাতককে আটক করেছে পুলিশ। এদিকে নির্মম এ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িত সকল খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী ও রাজনৈতিক সহযোদ্ধারা; অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

নিহত মো. আসাদুজ্জামান নূর সাদ্দাম হোসেন ময়মনসিংহ নগরীর আকুয়া ভাঙ্গাপুল এলাকার বাসিন্দা।  েতিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ছিলেন।

হত্যাকাণ্ডের পরপরই স্থানীয় জনতা ঘাতক মো. অন্তর (২০)-কে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক অন্তর কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া উত্তরপাড়া এলাকার মো. বিল্লালের ছেলে।

ঘটনার সূত্রপাত

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে এলাকার ফারুকের (ছদ্মনাম) বোনকে ঘরে একা পেয়ে অন্তর ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় ভুক্তভোগী তরুণীর চিৎকারে সাদ্দাম, সুমন, পান্থসহ স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং অন্তরকে হাতেনাতে ধরে মারধর করেন।

 ভুক্তভোগী পরিবার বিষয়টি নিয়ে আইনি ঝামেলায় যেতে না চাইলে, এলাকার শান্তি ও সামাজিক নিরাপত্তা রক্ষায় সাদ্দামসহ স্থানীয় যুবকরা অভিযুক্ত অন্তর ও তার বাবাকে এলাকা থেকে বিতাড়িত করেন।

হত্যাকাণ্ডের নেপথ্য ছক ও টার্গেট বদল

এলাকা থেকে বিতাড়িত হওয়ার পর থেকেই চরম ক্ষোভে প্রতিশোধ নেওয়ার নীল নকশা আঁকতে থাকে অন্তর ও তার চক্রের সদস্যরা। প্রাথমিকভাবে তাদের মূল টার্গেট ছিলেন পান্থ নামের যুবক। ঘটনার আগের দিন রাতে অন্তরের বাবা বিল্লাল, রাপেল, রাপেলের বোন লিপি, রাব্বি ও পলাশ একত্রিত হয়ে সারারাত পান্থকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ভোররাতে অন্তর, বিল্লাল, রাব্বি ও পলাশ চক্রটি রাপেল ও লিপির কাছ থেকে ধারালো অস্ত্র সংগ্রহ করে অন্তরের বাসায় অবস্থান নেয়।

সকালে ঘাতক চক্রটি পান্থকে ফোনে ডেকে আনার চেষ্টা করে ব্যর্থ হয়; পান্থ জানান তিনি বাইরে আছেন। এরপরই তারা দিক পরিবর্তন করে সাদ্দামকে ফাঁদে ফেলার সিদ্ধান্ত নেয়। অন্তরের ভাবিকে দিয়ে কৌশলে জরুরি প্রয়োজনে কথা বলার কথা বলে সাদ্দামকে তাদের বাসায় ডেকে আনা হয়। সাদ্দাম সরল বিশ্বাসে ঘটনাস্থলে পৌঁছামাত্রই ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় এবং প্রকাশ্যে গলা কেটে নৃশংসভাবে হত্যা নিশ্চিত করে।

ঘাতক আটক ও মরদেহ উদ্ধার

হত্যাকাণ্ড ঘটিয়ে চক্রের বাকি সদস্যরা পালিয়ে গেলেও স্থানীয় জনতা ঘাতক অন্তরকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং গণধোলাই দিয়ে আটকে রাখে। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলামের নেতৃত্বে ৩ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অন্তরকে নিজেদের হেফাজতে নেন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সাদ্দাম হোসেনের নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনতা ও দলীয় নেতাকর্মীরা। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আকুয়া এলাকাবাসী ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এক নারীর সম্ভ্রম রক্ষা করতে গিয়ে সাদ্দাম ভাইকে নিজের জীবন দিতে হলো। এটি একটি পূর্বপরিকল্পিত ও কাপুরুষোচিত হত্যাকাণ্ড। বক্তারা হত্যাকাণ্ডের পেছনে থাকা পরিকল্পনাকারী বিল্লাল, রাপেল, লিপি, রাব্বি ও পলাশসহ বাকি সব আসামিকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ফাঁসির দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

পুলিশের বক্তব্য

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, "মূল অভিযুক্ত অন্তরকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূর্বের ধর্ষণচেষ্টার জেরে প্রতিশোধ নেওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।"


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪