গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিয়ন হুদা (৪০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলঢোপ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ নিয়ন হুদা গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পরিবার ও স্বজন সূত্রে জানা গেছে, দুর্গাপূজার ছুটি কাটাতে সম্প্রতি বাড়িতে আসেন নিয়ন। বুধবার তিনি সদর উপজেলার কাজলঢোপ এলাকায় তাঁর বড় ভায়রা মাকসুদের বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার দুপুরে তিনি আরও তিনজনের সঙ্গে বাড়ির পাশের ঘাঘট নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে অন্য তিনজন নদী থেকে উঠে আসতে পারলেও স্রোতের টানে নিখোঁজ হন নিয়ন। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
খবর পেয়ে গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে নিখোঁজ যুবককে উদ্ধারে রংপুর থেকে ডুবুরি দল পাঠানোর জন্য যোগাযোগ করা হয়।
গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে নিখোঁজের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। রংপুরের ডুবুরি দল পৌঁছালে নদীতে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।
এদিকে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে নিয়ন নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। প্রিয়জনের সন্ধানে নদীর তীরে অপেক্ষা করছেন স্বজনেরা।
রিপোর্টার্স২৪/রাফিদ