শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা সদরের কাছাকাছি শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বুধবার (২৮ অক্টোবর) শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু মাদবরের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সদর, নড়িয়া, জাজিরাসহ বিভিন্ন উপজেলার কয়েক হাজার মানুষ অংশ নেন।
বেলা ১১টার দিকে শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
সমাবেশে মাহাবুব মোর্শেদ টিপু মাদবর বলেন, শরীয়তপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা জেলার মানুষের দীর্ঘদিনের দাবি। সেই দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ নিয়ে আলোচনার সময় শরীয়তপুর সদরসংলগ্ন কোটাপাড়া ব্রিজের ওপারে একটি স্থান বিবেচনা করা হয়েছিল। শিক্ষার্থীদের যাতায়াত, আবাসনসহ সার্বিক সুবিধার বিষয়টি বিবেচনায় রেখেই ওই স্থান নির্ধারণের প্রস্তাব করা হয়।
তিনি আরও বলেন, সম্প্রতি তাঁরা জানতে পারছেন, শরীয়তপুর সদর থেকে দূরে ডামুড্যায় বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে। সেখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের যাতায়াত, আবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হতে পারে।
টিপু মাদবর বলেন, শিক্ষার্থীদের সুবিধা ও জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা সদরের কাছাকাছি শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে কোনো সুবিধাজনক স্থানে স্থাপন করতে হবে।
রিপোর্টার্স২৪/রাফিদ