| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তাহসিফের সাঁতারের সনদ আছে, ধাওয়ার দাবি মানতে নারাজ বাবা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৬ ইং | ১৯:১৫:৩৭:অপরাহ্ন  |  ৯৮১ বার পঠিত
তাহসিফের সাঁতারের সনদ আছে, ধাওয়ার দাবি মানতে নারাজ বাবা

স্টাফ রিপোর্টার: বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি সাঁতার জানতেন। শুধু তাই নয়, পাইলট হিসেবে প্রশিক্ষণের অংশ হিসেবে সাঁতারের ওপর বিশেষ কোর্সও করেছিলেন তিনি। সেই কোর্সের সনদও রয়েছে। তাই পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে এলাকার বন্ধু দীপের দেওয়া ‘ধাওয়ার মুখে নদীতে ঝাঁপ দেওয়ার’ তথ্য মানতে নারাজ তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম।

তার দাবি, ছেলের মৃত্যুর ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে।

পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপের দেওয়া তথ্যের বিষয়ে জানতে চাইলে শুক্রবার (৩০ অক্টোবর) সাংবাদিকদের এসব কথা বলেন তাহসিফের বাবা।

তিনি বলেন, ‘না না, এ ধরনের কিছু হতে পারে না। কেন তাকে ধাওয়া দিতে যাবে? এগুলো বাজে কথা, প্রশ্নই আসে না। আমার ছেলে সাঁতার জানত। ও তো পাইলট। ওদের সুইমিংয়ের কোর্স করা এবং তার ওপর সার্টিফিকেট আছে। সাঁতারের ওপর বড় ধরনের কোর্স করা আছে আমার ছেলের।’

ঘটনা আড়াল করা কিংবা কোনো ষড়যন্ত্রের আশঙ্কা করছেন কি না জানতে চাইলে কে এম এনায়েতুল করিম বলেন, ‘স্বাভাবিকভাবে তো এটাই মনে হয়। আর ওকে ধাওয়া দেবে কেন লোকজন, কেন তাকে কেউ ধাওয়া দেবে? ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা চলছে বলে আমার মনে হচ্ছে।’

নিখোঁজ হওয়ার আগে তাহসিফ এলাকার ছোট ভাই দীপের ডাকে বাসা থেকে বের হয়েছিলেন। তার মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে দীপকে হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো উত্তর। জিজ্ঞাসাবাদে তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাতায়াত এবং ঘটনার আগের সময়ের নানা তথ্য দিচ্ছেন তিনি। তার দেওয়া তথ্য অনুযায়ী, তাহসিফ ও তিনি কোথায় কোথায় গিয়েছিলেন, সেসব স্থানের অবস্থান শনাক্ত করে যাচাই-বাছাই করছেন তদন্তকারীরা।

দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের ব্যবহৃত নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। দীপের দাবি, তারা ওই এলাকায় গিয়েছিলেন। পরে মোটরসাইকেলটি ফেলে দৌড়ে পালিয়ে যান। তবে তার দেওয়া এসব তথ্যের সত্যতা যাচাই করা হচ্ছে। পাশাপাশি তাদের যাতায়াতের বিভিন্ন লোকেশন বিশ্লেষণ করে অন্যান্য তথ্য-উপাত্তের সঙ্গে মিলিয়ে দেখছেন তদন্তকারীরা।

এ বিষয়ে পিবিআই ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান শুক্রবার বলেন, ‘আমরা দীপকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার দেওয়া বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করেছি। আমরা আসলে প্রকৃত সত্য জানার জন্য তদন্ত করছি। তারা ওইখানে কেন গিয়েছিল, তাকে কেউ হত্যা করেছে নাকি দুর্ঘটনা, নাকি আত্মহত্যা– এসব প্রশ্নের উত্তর আমরা খুঁজছি। এখন পর্যন্ত যেসব উত্তর পাওয়া গেছে, সেগুলো যাচাই করা প্রয়োজন। আপাতত আমরা তদন্ত করছি। রহস্য উদঘাটন হলে পরে জানানো হবে।’

উল্লেখ্য, বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তি এলাকায় তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়। দুটি এলাকার সঙ্গেই তুরাগ নদের সংযোগ রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪