সিনিয়র রিপোর্টার : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কেন্দ্রীয় ঔষধাগারের প্রধান গেট সংলগ্ন মেসার্স এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ডাকাতির ঘটনায় ১ লাখ ৩০ হাজার ৫০০ সৌদি রিয়ালসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আব্দুল্লাহ আল মামুন (২৫), মো. আরিয়ান (১৯), মো. সাব্বির হোসেন (২০), মো. জাহিদুল ইসলাম সোহাগ (২৫), মো. জয় (২৩) ও মো. বিজয় (২০)। তাদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শুক্রবার পুলিশ জানায়, ১ জুলাই সন্ধ্যায় মেসার্স এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নগদ অর্থ ডাকাতির ঘটনায় আরও ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত নগদ ১ লাখ ৩০ হাজার ৫০০ সৌদি রিয়াল এবং ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গত ২৪ ঘণ্টায় ডিবি ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার যৌথ দল রাজধানীর গ্রিন রোড, ভোলার চরফ্যাশন এবং কিশোরগঞ্জের নিকলী এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত এই ছয়জনকে গ্রেপ্তার করে।
এর আগে এই ঘটনার সঙ্গে জড়িত আরও সাতজনকে গ্রেফতার করে ডিবি ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। এ নিয়ে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত প্রায় চার লাখ সৌদি রিয়াল ও ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেলসহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।