| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানে ব্লাসফেমি আইনে কঠোর শাস্তির উদ্যোগ, ঝুঁকিতে খ্রিস্টানসহ ধর্মীয় সংখ্যালঘুরা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৬ ইং | ১৮:৫০:৫৯:অপরাহ্ন  |  ১১৪ বার পঠিত
পাকিস্তানে ব্লাসফেমি আইনে কঠোর শাস্তির উদ্যোগ, ঝুঁকিতে খ্রিস্টানসহ ধর্মীয় সংখ্যালঘুরা

ইন্টারন্যাশনাল ডেস্ক: ধর্ম অবমাননার অভিযোগে আরও কঠোর শাস্তির বিধান চেয়ে পাঞ্জাব প্রাদেশিক পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। তবে মানবাধিকারকর্মীরা সতর্ক করেছেন, এ উদ্যোগ পাকিস্তানের খ্রিস্টানসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও হয়রানির ঝুঁকি আরও বাড়াতে পারে।

মঙ্গলবার পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক পরিষদে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়। এতে ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্ত্রী, পরিবারের সদস্য ও সাহাবিদের অবমাননার অভিযোগে বিদ্যমান শাস্তি আরও কঠোর করার আহ্বান জানানো হয়েছে।

বিরোধী দলের আইনপ্রণেতা রানা আওরঙ্গজেব প্রস্তাবটি উত্থাপন করেন। তাঁর প্রস্তাবে বলা হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পাকিস্তান দণ্ডবিধির ২৯৮-এ ধারায় বর্তমানে যে শাস্তির বিধান রয়েছে, তা যথেষ্ট নয়।

পাকিস্তান দণ্ডবিধির ২৯৮-এ ধারায় ইসলাম ধর্মের নবী মুহাম্মদ (সা.)-এর স্ত্রী ও পরিবারের সদস্য, চার খলিফা এবং সাহাবিদের সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। মৌখিক, লিখিত কিংবা দৃশ্যমান উপস্থাপনার মাধ্যমে সরাসরি বা পরোক্ষভাবে এ ধরনের মন্তব্যের ক্ষেত্রেও আইনটি প্রযোজ্য।

প্রস্তাবে ফেডারেল সরকারকে বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিবেচনা এবং শাস্তি বাড়ানোর জন্য নতুন আইন প্রণয়নের আহ্বান জানানো হয়েছে। ধর্মীয় পবিত্রতা রক্ষা এবং সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নের কথাও বলা হয়েছে।

এ উদ্যোগে ২৯৮-এ ধারার শাস্তি বাড়ানোর আগের প্রচেষ্টাগুলো নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ২০২৩ সালের আগস্টে পাকিস্তানের পার্লামেন্ট ক্রিমিনাল লজ (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২৩ পাস করেছিল। ওই বিলে ২৯৮-এ ধারায় সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের পরিবর্তে ন্যূনতম ১০ বছরের কারাদণ্ড এবং প্রয়োজনে যাবজ্জীবন কারাদণ্ডের প্রস্তাব করা হয়েছিল।

 তবে তৎকালীন প্রেসিডেন্ট আরিফ আলভি স্বাক্ষর না করে বিলটি পার্লামেন্টে ফেরত পাঠানোয় সেটি আইনে পরিণত হয়নি।

মানবাধিকার সংস্থাগুলো ওই সংশোধনীর তীব্র বিরোধিতা করেছিল। তাদের আশঙ্কা ছিল, শাস্তি বাড়ানোর পাশাপাশি জামিনের বিধানে পরিবর্তন আনা হলে এ আইনে অভিযুক্ত ব্যক্তিদের অধিকার আরও বেশি ঝুঁকির মুখে পড়বে।

পাকিস্তানের মানবাধিকার কমিশন (এইচআরসিপি) বিশেষভাবে সতর্ক করেছিল, প্রস্তাবিত সংশোধনী কার্যকর হলে ২৯৮-এ ধারায় অভিযুক্ত ব্যক্তিদের আইনগতভাবে জামিন পাওয়ার অধিকার বাতিল হতে পারে। সে ক্ষেত্রে জামিন দেওয়া সম্পূর্ণভাবে আদালতের বিবেচনার ওপর নির্ভরশীল হয়ে পড়বে।

কমিশন আরও বলেছে, পাকিস্তানের ব্লাসফেমি আইনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অপব্যবহারের ঘটনা ঘটছে। ব্যক্তিগত বিরোধ, ধর্মীয় গোষ্ঠীর চাপ কিংবা ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনির আশঙ্কা থেকে অনেক সময় মামলা করা হয়।

তবে পাঞ্জাব পরিষদে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হলেও ২৯৮-এ ধারায় কোনো পরিবর্তন আনতে হলে ফেডারেল পর্যায়ে আইন প্রণয়ন করতে হবে বলে জানিয়েছেন ব্লাসফেমির মিথ্যা অভিযোগে অভিযুক্ত একাধিক ব্যক্তিকে আইনি সহায়তা দিয়ে খালাস করানো একজন খ্রিস্টান আইনজীবী।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘আইন আরও কঠোর করার পরিবর্তে ফেডারেল সরকারের উচিত ব্লাসফেমি নিয়ে মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আইন প্রণয়ন করা। এ ধরনের অভিযোগ নিরপরাধ মানুষের জীবনকে প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে ফেলছে।’

তিনি আরও বলেন, ‘সংগঠিত গোষ্ঠী ও ব্যক্তিরা মিথ্যা অভিযোগকে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তাদের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধমূলক আইন প্রণয়ন জরুরি।’

তিন শতাধিক মামলার অধিকাংশই মিথ্যা

ব্লাসফেমি আইনের অপব্যবহার নিয়ে উদ্বেগের পক্ষে সরকারি পরিসংখ্যানও উঠে এসেছে। গত জুলাইয়ে পাকিস্তানের সিনেটের একটি কমিটিতে উপস্থাপিত তথ্যে দেখা যায়, গত পাঁচ বছরে দেশটির চারটি প্রদেশে নথিভুক্ত ৩৩৩টি ব্লাসফেমি মামলার অধিকাংশই ছিল মিথ্যা।

৮ জুলাই ইসলামাবাদে সিনেটের মানবাধিকারবিষয়ক কার্যকরী কমিটির বৈঠকে প্রাদেশিক স্বরাষ্ট্রসচিব ও পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা এ তথ্য তুলে ধরেন। সিনেটর সামিনা মমতাজ জেহরির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খ্রিস্টানসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়টিও আলোচনায় আসে।

তথ্য অনুযায়ী, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগে পাকিস্তান দণ্ডবিধির ২৯৫-সি ধারায় সবচেয়ে বেশি মামলা হয়েছে পাঞ্জাবে। পাঁচ বছরে এ ধারায় মোট ১১৬টি মামলা নথিভুক্ত হয়েছে।

অভিযুক্তদের মধ্যে ৫৬ শতাংশ মুসলিম এবং ১৪ শতাংশ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য।

সিন্ধু প্রদেশে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে ২৯৫-বি ধারায় ৯৬টি এবং ২৯৫-সি ধারায় ২৯টি মামলা হয়েছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একই সময়ে ৯০টির বেশি ব্লাসফেমি মামলা নথিভুক্ত হয়েছে। অন্যদিকে বেলুচিস্তানে এ ধরনের মামলার সংখ্যা সবচেয়ে কম, ২৮টি।

প্রাদেশিক কর্মকর্তারা স্বীকার করেছেন, ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক বিরোধ এবং অন্যান্য ব্যক্তিগত সংঘাতের কারণে প্রায়ই ব্লাসফেমির অভিযোগ আনা হয়। অনেক ক্ষেত্রে তদন্তে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং মামলাগুলো খারিজ হয়ে গেছে।

সম্পত্তি দখল ও সংখ্যালঘুদের হয়রানিতে ব্যবহারের অভিযোগ

২০২৫ সালের জুনে প্রকাশিত হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) একটি প্রতিবেদনেও পাকিস্তানের ব্লাসফেমি আইনের অপব্যবহারের বিষয়টি উঠে এসেছে।

‘এ কনস্পিরেসি টু গ্র্যাব দ্য ল্যান্ড: এক্সপ্লয়টিং পাকিস্তানস ব্লাসফেমি লজ ফর ব্ল্যাকমেইল অ্যান্ড প্রফিট’ শীর্ষক ২৯ পৃষ্ঠার প্রতিবেদনে সংস্থাটি বলেছে, দুর্বল জনগোষ্ঠীকে উচ্ছেদ, ধর্মীয় সংখ্যালঘুদের ভয়ভীতি প্রদর্শন এবং তাদের সম্পত্তি দখলের জন্য ব্লাসফেমির অভিযোগ ব্যবহার করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের টার্গেট করা এবং মানুষকে সম্পত্তি হস্তান্তরে বাধ্য করার ক্ষেত্রেও এ ধরনের অভিযোগ ব্যবহারের ঘটনা রয়েছে। আইনের অস্পষ্ট ও ব্যাপক পরিধির বিধান বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই অপব্যবহারের সুযোগ তৈরি করছে।

গণপিটুনির ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনতে পাকিস্তানের ফৌজদারি বিচারব্যবস্থার ব্যর্থতারও সমালোচনা করেছে সংস্থাটি।

এইচআরডব্লিউর মতে, ব্লাসফেমির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের নিরাপত্তা দিতে এবং যথাযথ তদন্ত পরিচালনায় অনেক সময় পুলিশ ব্যর্থ হয়। অন্যদিকে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে অভিযুক্ত রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিরা ভয়ভীতি এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবে অনেক ক্ষেত্রে গ্রেপ্তার বা বিচারের মুখোমুখি হন না।

খ্রিস্টান আইনি সহায়তা সংস্থা অ্যালায়েন্স ডিফেন্ডিং ফ্রিডম ইন্টারন্যাশনালের এশিয়া অঞ্চলের অ্যাডভোকেসি পরিচালক তেহমিনা অরোরা বলেছেন, পাকিস্তানের উচিত কঠোর ব্লাসফেমি আইন আরও সম্প্রসারণ না করে বরং তা বাতিল করা।

তিনি বলেন, ‘পাকিস্তানে ব্লাসফেমির অভিযোগে সহজেই মামলা করা যায়। এ ধরনের আইন মানুষের ধর্ম পালন এবং ধর্মীয় বিশ্বাস প্রচারের স্বাধীনতার ওপর ভীতিকর প্রভাব ফেলে।’

তাঁর মতে, ব্লাসফেমি আইন শুধু সহিংসতা ও বৈষম্যের পরিবেশ তৈরি করে না, আন্তর্জাতিক আইনের সঙ্গেও সাংঘর্ষিক। তাই এসব আইন বাতিল করা প্রয়োজন।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে পাকিস্তানে ব্লাসফেমি মামলাগুলোর ওপর নিবিড় নজরদারি এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে সরকারের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানান।

তেহমিনা অরোরা আরও বলেন, ‘সংগঠিত গোষ্ঠীগুলো যখন নিরপরাধ মানুষকে লক্ষ্যবস্তু করতে ব্লাসফেমির অভিযোগ ব্যবহার করে, তখন তা আইনের শাসনকে দুর্বল করে এবং খ্রিস্টানসহ অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে মারাত্মক বিপদের মুখে ঠেলে দেয়।’

খ্রিস্টানদের জন্য ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় পাকিস্তান

খ্রিস্টানদের ওপর নির্যাতনের ক্ষেত্রে পাকিস্তান বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত। ওপেন ডোরসের ২০২৬ সালের ওয়ার্ল্ড ওয়াচ লিস্টে খ্রিস্টানদের জন্য সবচেয়ে কঠিন পরিস্থিতির ৫০টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান অষ্টম।

মানবাধিকারকর্মীদের আশঙ্কা, ব্লাসফেমি আইনের শাস্তি আরও কঠোর করা হলে দেশটির ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং আইনি সুরক্ষা আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

সূত্র: দ্য ক্রিশ্চিয়ান পোস্ট, ক্রিশ্চিয়ান ডেইলি ইন্টারন্যাশনাল ও মর্নিং স্টার নিউজ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪