| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিনেটে ১১ আসনে জয় ডেমোক্র্যাটদের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৬ ইং | ১১:০২:০৭:পূর্বাহ্ন  |  ২৫৪৬ বার পঠিত
সিনেটে ১১ আসনে জয় ডেমোক্র্যাটদের

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের ১১টি আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীরা। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে বাকি ২০টি আসনের মধ্যে আরও ছয়টিতে জয় প্রয়োজন দলটির। অন্যদিকে, প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) নিয়ন্ত্রণও ডেমোক্র্যাটদের হাতে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

ডেমোক্র্যাটদের বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন নর্থ ক্যারোলাইনা থেকে রয় কুপার, নিউ হ্যাম্পশায়ার থেকে ক্রিস পাপাস, জর্জিয়া থেকে জন অসফ, ডেলাওয়্যার থেকে ক্রিস কুনস, নিউ জার্সি থেকে কোরি বুকার, রোড আইল্যান্ড থেকে জন রিড, ম্যাসাচুসেটস থেকে এডওয়ার্ড মার্কি, ইলিনয় থেকে জুলিয়ানা স্ট্র্যাটন, কলোরাডো থেকে জন হিকেনলুপার এবং নিউ মেক্সিকো থেকে বেন লুজান।

এদিকে, জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বটমস জয় পেয়েছেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হয়েছেন একজন কৃষ্ণাঙ্গ নারী। উল্লেখ্য, জর্জিয়ায় দুই দশকেরও বেশি সময় ধরে গভর্নরের পদটি রিপাবলিকানদের নিয়ন্ত্রণে ছিল।

এবারের মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন, সিনেটের মোট ১০০টি আসনের মধ্যে ৩৫টি আসন এবং বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরসহ স্থানীয় পর্যায়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

বর্তমানে মার্কিন কংগ্রেসের দুই কক্ষ—সিনেট ও প্রতিনিধি পরিষদ—উভয়টির নিয়ন্ত্রণই রিপাবলিকানদের হাতে রয়েছে। প্রতিনিধি পরিষদ যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ। এর সদস্যরা দুই বছরের মেয়াদে নির্বাচিত হন। সাধারণত আইন প্রণয়নের প্রস্তাব প্রথমে এই কক্ষে উত্থাপন ও আলোচনা করা হয়। পরে তা অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয়।

নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারানোর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে তাঁর প্রশাসন। কারণ, নিম্নকক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে তারা ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের ওপর নজরদারি বাড়াতে পারবে। একই সঙ্গে প্রশাসনের বিরুদ্ধে তদন্ত পরিচালনা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সমন জারি করার ক্ষমতাও পাবে তারা।

এদিকে, নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের আভাস পাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প দ্য নিউইয়র্ক টাইমস-কে বলেছেন, তিনি মধ্যবর্তী নির্বাচনের ফলাফল মেনে নেবেন এবং ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী। তবে নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ হিসেবে তিনি বলেছেন, ব্যালটে তাঁর নিজের নাম ছিল না।


সূত্র: রয়টার্স


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪