রিপোর্টার্স২৪ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর কোনো কার্যক্রম গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, আগুন সন্ত্রাস ও গণহত্যার সঙ্গে জড়িতদের সংবাদ জনগণ ভালোভাবে নেবে না।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা আগুন সন্ত্রাস করছে এবং গণহত্যা করে পালিয়ে গেছেন, তাদের সংবাদ প্রচার জনগণ ভালোভাবে দেখবে না। তাই গণমাধ্যমের উচিত এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করা।
তিনি আরও বলেন, সরকার বাক্স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে সরকার কখনো কোনো গণমাধ্যমকে চাপ দেয়নি। এমনকি কোনো সংস্থাও কোনো সংবাদ প্রত্যাহারের জন্য গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করেনি বলে দাবি করেন তিনি।
গত ১৭ বছরে দেশের অনেক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, ওই সময়ে সাংবাদিকদের গুম করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে। তবে বর্তমান সরকার এ ধরনের কোনো কর্মকাণ্ড করবে না। একই সঙ্গে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদকে যেন কোনোভাবেই প্রশ্রয় দেওয়া না হয়।
বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার জনগণের ভোটাধিকার নিশ্চিত করেছে। এ ক্ষেত্রে অনলাইন গণমাধ্যম যে ভূমিকা রেখেছে, তা সরকার ভবিষ্যতেও অব্যাহত দেখতে চায়।
তিনি আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক পরিবেশ, জনগণের অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় অনলাইন সংবাদমাধ্যমগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
রিপোর্টার্স২৪/ঝুম