স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় আওয়ামী লীগের রূপনগর থানা ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রমজান আলী মাদবরকেও গ্রেফতার দেখানো হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন। এদিন কারাগার থেকে ভার্চুয়াল মাধ্যমে তাদের আদালতে হাজির দেখানো হয়।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজুল ইসলাম তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।
আবেদনে বলা হয়, মমতাজ ও রমজান আলী আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী। মামলার এজাহারনামীয় অন্য আসামিদের সহযোগিতায় তারা ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলন চলাকালে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টি এলাকায় অবস্থান করছিলেন ওমর ফারুক শাকিল ও তার কয়েকজন সহকর্মী। এ সময় আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগের সশস্ত্র নেতাকর্মীরা অতর্কিতে গুলিবর্ষণ করেন বলে অভিযোগ করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, ওই সময় মামলার এক নম্বর এজাহারনামীয় আসামি ও ১২ নম্বর ওয়ার্ড যুবলীগের অস্ত্রধারী কর্মী মো. স্বাধীন অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়েন। এতে ওমর ফারুক শাকিলসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তার নাকের ওপর ও ডান চোখের নিচে সেলাই ও ব্যান্ডেজ করা হয়।
৭ আগস্ট পর্যন্ত ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শাকিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে তার আরও এক দফা অস্ত্রোপচার করা হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর শাকিলের বাবা বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব