রিপোর্টার্স ডেস্ক: ভারতের গুজরাট এনার্জি লিমিটেডের (জিইএল) সঙ্গে ১০ বছর মেয়াদি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (ADNOC)। চুক্তি অনুযায়ী, ২০২৮ সাল থেকে পরবর্তী ১০ বছরে ভারতকে সর্বোচ্চ ৪০ লাখ টন এলএনজি সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।
ADNOC-এর আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান এক্সআরজি (XRG)-এর আন্তর্জাতিক গ্যাস পোর্টফোলিও থেকে এই এলএনজি সরবরাহ করা হবে। ভারতের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে এটি ADNOC-এর পঞ্চম এলএনজি সরবরাহ চুক্তি।
ADNOC জানিয়েছে, তাদের সমন্বিত এলএনজি বিপণন ও বাণিজ্যিক প্ল্যাটফর্মের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে ক্রমবর্ধমান গ্যাস সরবরাহ ব্যবস্থাকে আরও সম্প্রসারণ করা হচ্ছে। এর মাধ্যমে বিশ্বের গুরুত্বপূর্ণ বাজারগুলোর গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি ভারতকে নির্ভরযোগ্য, নমনীয় ও দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ নিশ্চিত করা হবে।
২০২৬ সালের জুলাইয়ে আবুধাবি গ্লোবাল মার্কেটে (ADGM) চালু হওয়া ADNOC-এর বৈশ্বিক এলএনজি বিপণন ও বাণিজ্যিক প্ল্যাটফর্মের কার্যক্রমে নতুন গতি আনবে এই চুক্তি।
এরই মধ্যে জাপানের INPEX, থাইল্যান্ডের Gulf Group এবং ভারতের Gujarat Energy-এর সঙ্গে সরবরাহ চুক্তি করেছে ADNOC। এর মাধ্যমে এশিয়ার গুরুত্বপূর্ণ এলএনজি বাজারগুলোতে প্রতিষ্ঠানটির উপস্থিতি আরও বিস্তৃত হচ্ছে।
২০৩০ সালের পর থেকে বছরে ৪ কোটি ৭০ লাখ টন বাজারজাতযোগ্য এলএনজি সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ADNOC। এর মাধ্যমে বিশ্বের শীর্ষস্থানীয় এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর অন্যতম হয়ে ওঠার পরিকল্পনা করছে সংস্থাটি।
এই চুক্তিকে বিশ্বব্যাপী সমন্বিত গ্যাস ও এলএনজি ব্যবসা হিসেবে XRG-এর বিকাশের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
গুজরাট এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অবন্তিকা সিং অউলাখ বলেন, এই অংশীদারত্বের মাধ্যমে GEL ও ADNOC তাদের সহযোগিতার সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোর সুযোগ পাবে।
তিনি বলেন, জ্বালানি খাতের প্রতিটি পর্যায়ে বাজারে নেতৃত্ব দিচ্ছে GEL। প্রতিষ্ঠানটির রয়েছে শক্তিশালী এলএনজি পুনর্গ্যাসীকরণ অবকাঠামো, ছয়টি রাজ্যের ৪৪টি জেলায় বিস্তৃত সিটি গ্যাস নেটওয়ার্ক এবং ভারতের দ্রুত সম্প্রসারণশীল গ্যাস বাণিজ্যিক কার্যক্রম।
অবন্তিকা সিং আরও বলেন, ভারতের পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি তুলনামূলক কম কার্বন নিঃসরণকারী জ্বালানি হিসেবে শিল্পকারখানার দক্ষতা বাড়াচ্ছে, পরিবারের জন্য নিরাপদ রান্নার জ্বালানি সরবরাহ করছে এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার সম্প্রসারণে সহায়তা করছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব