| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অগ্নিসন্ত্রাসীদের আর ছাড় নয়, সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৬ ইং | ১৬:০৫:৪৭:অপরাহ্ন  |  ১৬৩৯ বার পঠিত
অগ্নিসন্ত্রাসীদের আর ছাড় নয়, সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: অগ্নিসন্ত্রাস, নাশকতা ও হত্যার রাজনীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। অগ্নিসন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে হবে। জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। সন্ত্রাস ও হত্যার রাজনীতির উপযুক্ত জবাব দিতে হবে।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে একটি মহল নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এই গোষ্ঠীই একসময় জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে টানা ১৬ বছর জোরপূর্বক দেশ শাসন করেছে। ২০২৪ সালে বাংলাদেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে সেই স্বৈরাচারী সন্ত্রাসীদের দেশ থেকে বিতাড়িত করেছিল, বর্তমান পরিস্থিতিতে আবারও সেভাবে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। মানুষ ফিরে পেয়েছিল কথা বলার অধিকার। গুম-খুনের রাজনীতি বন্ধের যে প্রত্যাশা ও অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, একটি মহল আবারও সেগুলো কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে।

তারেক রহমান বলেন, যারা অতীতে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের কণ্ঠরোধ করেছিল এবং গুম-খুনের রাজনীতি প্রতিষ্ঠা করেছিল, তারা আবারও সেই পরিস্থিতি ফিরিয়ে আনতে চায়। কিন্তু দেশের মানুষ কি আবারও তাদের সেই সুযোগ দেবে?

জনগণের উদ্দেশে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের কি আবার গুম-খুনের রাজনীতি করার পারমিশন আপনারা দেবেন? ভোটের অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি করতে দেবেন? মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি আবারও তাদের করতে দেবেন?’

তিনি বলেন, দেশের মানুষের অর্জিত গণতান্ত্রিক অধিকার কোনোভাবেই কেড়ে নিতে দেওয়া যাবে না। জনগণের অধিকার ও দেশের ভবিষ্যৎ রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে।

ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২৪ সালে যেভাবে বাংলাদেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী সন্ত্রাসীদের দেশ থেকে বিতাড়িত করেছিল, ঠিক একইভাবে বর্তমান পরিস্থিতিতেও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের শক্তিই সব ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে তুলতে পারে।

তিনি বলেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং কথা বলার স্বাধীনতা রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অপশক্তি যেন আবারও দেশের মানুষের অধিকার কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪