| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইসিজের রায়ের অপেক্ষায় রোহিঙ্গারা, গণহত্যার বিচার ও নিজ দেশে ফেরার স্বপ্ন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৬ ইং | ১৭:০৮:২২:অপরাহ্ন  |  ৩১৪ বার পঠিত
আইসিজের রায়ের অপেক্ষায় রোহিঙ্গারা, গণহত্যার বিচার ও নিজ দেশে ফেরার স্বপ্ন

রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ সাত বছরের আইনি লড়াইয়ের পর মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে করা মামলার চূড়ান্ত রায় পড়া শুরু করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিট) ১৫ বিচারকের সমন্বয়ে গঠিত আদালতের সিদ্ধান্ত পাঠ শুরু করেন আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া। জাপানের এই বিচারপতির নেতৃত্বে আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

এই রায়কে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন শরণার্থী শিবিরে বসে সরাসরি আদালতের কার্যক্রম দেখছেন তারা। শুধু বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারাই নন, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা রোহিঙ্গারাও দীর্ঘ প্রতীক্ষিত এই রায়ের দিকে তাকিয়ে রয়েছেন। তাদের প্রত্যাশা, আদালতের সিদ্ধান্তের মধ্য দিয়ে দীর্ঘদিনের নির্যাতন, হত্যা ও বাস্তুচ্যুতির বিচার নিশ্চিত হওয়ার পাশাপাশি নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার পথও সুগম হবে।

রায় পাঠের শুরুতেই ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানে হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিক হত্যার বিষয়টি উঠে আসে।

আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বলেন, আদালত মনে করে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। একই সঙ্গে ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে আদালতের পর্যবেক্ষণে নিহতের সংখ্যা প্রায় ১০ হাজার বলে উল্লেখ করা হয়েছে। তবে রায়ের সব পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত জানতে আদালতের পূর্ণাঙ্গ কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আদালতকক্ষে মিয়ানমারের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা কো কো হ্লাইংকেও উপস্থিত থাকতে দেখা গেছে। দীর্ঘ সাত বছরের আইনি প্রক্রিয়া শেষে আসা এই রায় রোহিঙ্গাদের কাছে শুধু একটি মামলার নিষ্পত্তি নয়; বরং ২০১৭ সালের সামরিক অভিযানে হত্যা, নির্যাতন, ধর্ষণ ও বাস্তুচ্যুতির শিকার মানুষের দীর্ঘদিনের ন্যায়বিচারের প্রত্যাশার সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে।

রোহিঙ্গাদের প্রত্যাশা ন্যায়বিচার, অধিকার ও নিরাপদ প্রত্যাবাসন

রায় ঘোষণাকে কেন্দ্র করে রোহিঙ্গা নেতাদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। তাদের মতে, আইসিজের সিদ্ধান্ত অনুকূলে এলে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে। একই সঙ্গে রোহিঙ্গাদের জাতিগত পরিচয়, নাগরিকত্ব ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবিও নতুন আইনি ভিত্তি পেতে পারে।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সাবেক সভাপতি সৈয়দ উল্লাহ  বলেন, প্রায় এক দশক ধরে তারা ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। আইসিজের রায় নিয়ে তারা আশাবাদী। অতীতে বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে প্রত্যাশিত পরিবর্তন না এলেও এবার ভালো ফল পাওয়ার আশা করছেন তারা।

তার মতে, অনুকূল রায় মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াবে এবং রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার পথ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সহপ্রতিষ্ঠাতা নে সান লুইন বলেন, রোহিঙ্গাদের জন্য প্রকৃত ন্যায়বিচার কেবল আদালতের একটি রায়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। এর অর্থ হলো তাদের পরিচয়ের স্বীকৃতি, হারানো অধিকার ফিরিয়ে দেওয়া, প্রতিটি ভুক্তভোগীর জন্য বিচার নিশ্চিত করা এবং নিরাপদে নিজ দেশে ফিরে শান্তি ও মর্যাদার সঙ্গে জীবন গড়ার সুযোগ তৈরি করা।

তিনি বলেন, এজন্য রোহিঙ্গাদের নাগরিকত্ব, সমান অধিকার এবং স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি নিশ্চিত করতে হবে। আদালত গণহত্যার স্বীকৃতি দিলে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত রায় বাস্তবায়নে উদ্যোগ নেওয়া এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন মনে করেন, আইসিজের অনুকূল রায় রোহিঙ্গাদের রাজনৈতিক ও মানবাধিকারসংক্রান্ত দাবিকে আরও শক্তিশালী আইনি ভিত্তি দিতে পারে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটকে প্রায়ই রাজনৈতিক দর-কষাকষির বিষয় হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু আদালত যদি গণহত্যার দায় নির্ধারণ করে, তাহলে রোহিঙ্গাদের দাবির পক্ষে একটি আন্তর্জাতিক আইনি ভিত্তি তৈরি হবে। তবে অনুকূল রায় এলেও পরদিনই রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে পারবেন, এমন প্রত্যাশা করা ঠিক হবে না। এ ধরনের পরিবর্তন বাস্তবায়নে সময় প্রয়োজন।

জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ারের প্রত্যাশা

বাংলাদেশ সফর শেষে বুধবার ঢাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারি। তিনি বলেন, ১৯ নভেম্বরের রায় রোহিঙ্গা জনগোষ্ঠী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থাকবে।

রায়ে কী সিদ্ধান্ত আসবে, তা আগে থেকে বলা সম্ভব নয় উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আদালত সংঘটিত অপরাধগুলোকে যথাযথভাবে স্বীকৃতি দেবে এবং ন্যায়বিচারের পথে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে।

কেলি কারি বলেন, রায় ঘোষণার পর জাতিসংঘের সদস্যদেশগুলোর দায়িত্ব হবে আদালতের সিদ্ধান্ত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে সহযোগিতা করা। রায় প্রত্যাশা পূরণ না করলেও ন্যায়বিচারের দাবিতে রোহিঙ্গা ভুক্তভোগীদের দীর্ঘ লড়াই ও দৃঢ়তা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধের ইতিহাস ২০১৭ সালে শুরু হয়নি, আবার ওই বছরেই শেষ হয়নি। তাদের পরিচয় অস্বীকার, উচ্ছেদ, নির্যাতন, যৌন সহিংসতা ও হত্যার মতো অপরাধের ধারাবাহিকতা রয়েছে। এসব অপরাধের দায়মুক্তি বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা প্রয়োজন।

যেভাবে শুরু হয়েছিল সাত বছরের আইনি লড়াই

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে করা মামলায় গাম্বিয়া অভিযোগ করে, রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে।

মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণ, গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় নিশ্চয়তা দেওয়ার আবেদন জানানো হয়।

২০২০ সালের ২৩ জানুয়ারি আইসিজে অন্তর্বর্তী আদেশ জারি করে। এতে মিয়ানমারকে রোহিঙ্গাদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং গণহত্যার অভিযোগসংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে গণহত্যা সনদের অধীনে মিয়ানমারের দায়িত্বের বিষয়টিও উল্লেখ করা হয়।

পরবর্তী সময়ে ২০২২ সালের ২২ জুলাই আদালত জানায়, মিয়ানমারের বিরুদ্ধে করা মামলাটি শুনানির এখতিয়ার তাদের রয়েছে এবং গাম্বিয়ার আবেদন গ্রহণযোগ্য।

এরপর ২০২৬ সালের ১২ থেকে ২৯ জানুয়ারি মামলার মূল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে গাম্বিয়া ও মিয়ানমার উভয় পক্ষ তাদের আইনি যুক্তি উপস্থাপন করে। পাশাপাশি সাক্ষী ও বিশেষজ্ঞদের বক্তব্যও গ্রহণ করা হয়। ২৯ জানুয়ারি আদালত জানায়, রায় নিয়ে বিচারিক আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত পাঠ শুরু করেছে আদালত।

গাম্বিয়ার মামলায় কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মালদ্বীপ, স্লোভেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বেলজিয়াম ও আয়ারল্যান্ডসহ ১১টি দেশ হস্তক্ষেপের ঘোষণা দেয়। গণহত্যা সনদের ব্যাখ্যা ও প্রয়োগের বিষয়ে এসব দেশের অংশগ্রহণ মামলাটিকে আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আইসিজের মামলাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বাংলাদেশও। এ লক্ষ্যে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে ঢাকা।

গত ২৭ আগস্ট ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের ফাঁকে গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী দাউদা এ জালোয়ের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৈঠকে রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে গাম্বিয়ার নেতৃত্বে নেওয়া উদ্যোগের প্রশংসা করে বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক আলোচনায় সক্রিয় রাখা এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ঢাকার অবস্থান হলো, শুধু মানবিক সহায়তা দিয়ে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। তাদের নিজ দেশে ফিরে যাওয়ার উপযোগী পরিবেশ তৈরি করতে মিয়ানমারের ওপর কার্যকর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে প্রত্যাবাসনের ক্ষেত্রে রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করা জরুরি।

আইসিজের রায়ে কি ফিরবে নাগরিকত্ব, খুলবে প্রত্যাবাসনের পথ?

রোহিঙ্গাদের দীর্ঘদিনের প্রত্যাশার অন্যতম বিষয় হলো নিজেদের জাতিগত পরিচয় ও নাগরিকত্বের স্বীকৃতি। আইসিজের রায় এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) দায়িত্বে থাকা মোহাম্মদ মিজানুর রহমান।

তার প্রত্যাশা, আদালতের সিদ্ধান্তে রোহিঙ্গাদের মিয়ানমারের ঐতিহাসিক জনগোষ্ঠী হিসেবে অবস্থান আরও জোরালোভাবে উঠে আসতে পারে। এতে মিয়ানমারের পক্ষ থেকে তাদের ‘বহিরাগত’ বা ‘বাঙালি অভিবাসী’ হিসেবে উপস্থাপনের বয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ আইনি ভিত্তি তৈরি হবে।

তবে আইসিজের রায় সরাসরি রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান করবে না কিংবা তাদের প্রত্যাবাসনের কোনো নির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ করবে না। আদালতের সিদ্ধান্তের মাধ্যমে মিয়ানমারের ওপর আইনি ও কূটনৈতিক চাপ বাড়তে পারে এবং রোহিঙ্গাদের পরিচয় ও অধিকার প্রতিষ্ঠার দাবিও আরও শক্তিশালী হতে পারে।

কিন্তু সেই চাপকে বাস্তব পরিবর্তনে রূপ দিতে প্রয়োজন আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক উদ্যোগ, মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছা এবং প্রত্যাবাসনের উপযোগী নিরাপদ পরিবেশ।

সব মিলিয়ে, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আইসিজের এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের সংগ্রামে কতটা পরিবর্তন আনতে পারে, এখন সেদিকেই তাকিয়ে আছেন বাংলাদেশে আশ্রিত লাখো রোহিঙ্গা। তাদের প্রত্যাশা, আদালতের সিদ্ধান্ত শুধু অতীতের অপরাধের বিচারেই সীমাবদ্ধ থাকবে না; বরং পরিচয়, নাগরিকত্ব, অধিকার ও মর্যাদা নিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার পথ তৈরিতেও ভূমিকা রাখবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪