| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বোনের বাড়িতে বেড়াতে এসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৬ ইং | ১৩:০২:৫২:অপরাহ্ন  |  ৩৮৯ বার পঠিত
বোনের বাড়িতে বেড়াতে এসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে বোনের বাড়িতে বেড়াতে এসে শখের বসে ভ্যান চালাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১৩ বছর বয়সী আহমদ শেখ। ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দেয়ালে ধাক্কা লাগলে গুরুতর আহত হয় সে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের কাঁচরন্দ গোপালবাড়ী এলাকায় আকিরুননেছা ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহমদ শেখ গোয়ালন্দ পৌরসভার কাজীপাড়া এলাকার মৃত ইমান শেখের ছেলে।

স্বজনরা জানান, আহমদ ঢাকায় পোশাক তৈরির কাজ করত। ছুটিতে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) বরাট এলাকায় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে আসে সে। বুধবার বিকেলে শখের বসে বোনের জামাইয়ের ভ্যান নিয়ে ঘুরতে বের হয়। পথে ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি দেয়ালে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের খালু খালেক শেখ বলেন, স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন, আহমদ ভ্যান চালানোর সময় এক হাতে মুড়ি খাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি সড়কের পাশের দেয়ালে ধাক্কা লাগে। দুর্ঘটনার সময় অন্য কোনো যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়নি বলে তিনি জানান।

রাজবাড়ী জেলা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পলাশ সিকদার বলেন, ওই কিশোরকে হাসপাতালে আনার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন খান বলেন, বরাট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যুর বিষয়টি তিনি অবগত আছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪